Apple: ২০২৫ এই নতুন ১০ ডিভাইস আনতে পারে অ্যাপল, জেনেনিন কী কী?

চলতি বছরে বেশ কিছু আইপ্যাড ও ম্যাকের নবীনতম সংস্করণ আনলেও, ২০২৫ সাল প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের জন্য আরও বড় চমক নিয়ে আসতে পারে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী বছর একাধিক নতুন ডিভাইস বাজারে আনার পরিকল্পনা রয়েছে তাদের। এর মধ্যে বেশিরভাগ ডিভাইস সেপ্টেম্বরের শেষ দিকে বা অক্টোবরে আত্মপ্রকাশ করার সম্ভাবনা থাকলেও, তার আগেও কিছু আকর্ষণীয় ঘোষণা করতে পারে অ্যাপল।

আইফোন ১৭, ১৭ এয়ার এবং ১৭ প্রো: প্রতি বছর সেপ্টেম্বরে আইফোনের নতুন মডেল লঞ্চ করা অ্যাপলের দীর্ঘদিনের রীতি। তবে ২০২৫ সাল হতে পারে বিশেষভাবে উল্লেখযোগ্য। বিভিন্ন প্রযুক্তি বিশ্লষক মনে করছেন, অ্যাপল একটি আলট্রা-থিন বা অতি পাতলা ডিজাইনের আইফোন ১৭ এয়ার উন্মোচন করতে পারে। পাশাপাশি, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্সের পেছনের ক্যামেরার নকশায়ও বড়সড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

অ্যাপল ওয়াচ সিরিজ ১১: অ্যাপল তাদের জনপ্রিয় স্মার্টওয়াচ সিরিজের নতুন সংস্করণ নিয়ে আসছে। এই ঘড়িতে রক্তচাপ মাপার মতো অত্যাধুনিক স্বাস্থ্য ফিচার এবং অন্যান্য নতুন স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা যুক্ত হতে পারে। এছাড়াও, অ্যাপলের ঘড়ির অপারেটিং সিস্টেম ওয়াচওএসের একটি আপডেট নিয়েও জোর গুঞ্জন শোনা যাচ্ছে, যা ঘড়িটির ইন্টারফেসে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।

অ্যাপল ওয়াচ আলট্রা ৩: অ্যাপল গত বছর তাদের আলট্রা মডেলের স্মার্টওয়াচ আপডেট করেনি। তবে প্রযুক্তি মহলের খবর অনুযায়ী, ২০২৫ সালে এই শক্তিশালী স্মার্টওয়াচের তৃতীয় প্রজন্ম বাজারে আত্মপ্রকাশ করতে পারে।

অ্যাপল ওয়াচ এসই: ২০২৪ সালে অ্যাপল ওয়াচ এসই-এর কোনো নতুন সংস্করণ আসেনি। তাই তুলনামূলকভাবে কম দামের এই জনপ্রিয় অ্যাপল ওয়াচের একটি আপডেট আসার প্রবল সম্ভাবনা রয়েছে, যা বাজেট-সচেতন গ্রাহকদের জন্য আকর্ষণীয় হতে পারে।

এয়ারপডস প্রো ৩: অবশেষে অ্যাপল তাদের জনপ্রিয় ওয়্যারলেস ইয়ারফোন এয়ারপডস প্রোর তৃতীয় প্রজন্মের মডেল নিয়ে আসছে এবং এটি সম্ভবত একটি বড় ধরনের আপডেট হতে চলেছে। নতুন ডিজাইনের এয়ারপডস প্রো-এর চার্জিং কেসের নকশাতেও পরিবর্তন দেখা যেতে পারে। উন্নত অডিও কোয়ালিটি, আরও শক্তিশালী অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন (ANC) ফিচার, দ্রুত গতির চিপ এবং স্বাস্থ্য-সংক্রান্ত কিছু নতুন সুবিধা, যেমন—তাপমাত্রা ও হৃৎস্পন্দন মাপার সেন্সর এই হেডফোনে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ম্যাক প্রো: অ্যাপলের ডেস্কটপ কম্পিউটার ম্যাক প্রো হলো একমাত্র ম্যাক যা এখনও তাদের নিজস্ব তৈরি এম৪ চিপ দ্বারা চালিত নয়। তাই ধারণা করা হচ্ছে, ২০২৫ সালের শেষ নাগাদ এই শক্তিশালী ওয়ার্কস্টেশনেও নতুন চিপের আগমন ঘটতে পারে।

ম্যাকবুক প্রো: অ্যাপলের জনপ্রিয় ল্যাপটপ ম্যাকবুক প্রো সর্বশেষ আপডেট হয়েছিল ২০২৪ সালের অক্টোবরে। সেই ধারা বজায় থাকলে ২০২৫ সালের অক্টোবরে এটি আবারও রিফ্রেশ হতে পারে। যদিও ডিজাইনে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা কম, তবে এতে আরও উন্নত এম৫ চিপ যুক্ত হওয়ার আশা করা যাচ্ছে।

অ্যাপল টিভি ৪কে: অ্যাপল টিভির আপডেটের জন্য ব্যবহারকারীরা দীর্ঘ দিন ধরে অপেক্ষা করছেন। অবশেষে নতুন মডেল নিয়ে কাজ করছে অ্যাপল। নতুন অ্যাপল টিভিতে আরও দ্রুত গতির প্রসেসর থাকতে পারে, যা এটিকে আরও শক্তিশালী করবে। এর ফলে এতে অ্যাপল ইন্টেলিজেন্স এবং কনসোল-মানের গেম খেলাও সম্ভব হতে পারে। তবে বাহ্যিক ডিজাইনে কোনো বড় পরিবর্তন আশা করা যাচ্ছে না।

হোমপড মিনি: অ্যাপলের ছোট আকারের স্মার্ট স্পিকার হোমপড মিনি প্রথমবারের মতো একটি বড় আপডেট পেতে পারে। নতুন সংস্করণে দ্রুত গতির এস সিরিজের চিপ, উন্নত পারফরম্যান্সের জন্য অ্যাপল ডিজাইন করা ওয়াইফাই ও ব্লুটুথ চিপ এবং বেশ কিছু নতুন রঙের বিকল্প থাকতে পারে।

এয়ারট্যাগ ২: অ্যাপলের ট্র্যাকিং ডিভাইস এয়ারট্যাগের নতুন সংস্করণ তৈরির কাজ চলছে এবং এটি ২০২৫ সালে বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডিজাইনে তেমন কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত না থাকলেও, এতে একটি নতুন আলট্রা ওয়াইডব্যান্ড চিপ থাকতে পারে, যা এয়ারট্যাগের কার্যকারিতা এবং রেঞ্জ আরও বাড়িয়ে দেবে। সেই সঙ্গে আরও জোরালো স্পিকারও যুক্ত হতে পারে, যা খুঁজে পেতে আরও সুবিধা দেবে।

তবে প্রযুক্তি বিশ্লেষক এবং বিভিন্ন সূত্রের মতামতের ভিত্তিতে এই তালিকাটি তৈরি করা হয়েছে। উল্লিখিত সমস্ত ডিভাইস ২০২৫ সালেই বাজারে আসবে কিনা, তা নিশ্চিতভাবে বলা কঠিন। অ্যাপল তাদের নিজস্ব সময়সূচী অনুযায়ী ডিভাইসগুলির আত্মপ্রকাশ ঘটাবে, তবে আগামী বছর তাদের কাছ থেকে একগুচ্ছ নতুন এবং উন্নত ডিভাইস পাওয়ার আশা করাই যায়।

তথ্যসূত্র: ম্যাকরিউমার