খুদে পড়ুয়াদের ব্যাগ তল্লাশিতে মিলল কন্ডোম, ছুরি সহ আরও আপত্তিকর জিনিস ! হুলুস্থুল কান্ড নাসিকের স্কুলে

নাসিকের একটি স্কুলে অপ্রত্যাশিত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুলের অধ্যক্ষ আকস্মিকভাবে কোনো ঘোষণা ছাড়াই শিক্ষার্থীদের ব্যাগ তল্লাশি শুরু করলে হতবাক হন শিক্ষক ও অভিভাবকরা। ব্যাগ তল্লাশিতে অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে কন্ডোম, ছুরি, তাসের বান্ডিল, সাইকেলের চেন এবং তামার তৈরি এক ধরনের হাতাহাতির অস্ত্র (ব্রাস নাক্‌ল) সহ বিভিন্ন আপত্তিকর জিনিস উদ্ধার হয়। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র শোরগোল শুরু হয়েছে।

রাজ মাজি নামক এক ব্যবহারকারী এক্স হ্যান্ডেলে এই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “মহারাষ্ট্রের নাসিকের ইগতপুরী তালুকের ঘোটি এলাকার একটি বেসরকারি স্কুলে এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। শিক্ষকরা শিক্ষার্থীদের ব্যাগে ছুরি, তাস, কন্ডোম এবং সাইকেলের চেনের মতো আপত্তিকর জিনিস খুঁজে পেয়েছেন!”

ওই পোস্টে আরও বলা হয়, “স্কুলে কিছু ছাত্রকে তাদের অস্বাভাবিক চুল কাটার জন্য শাস্তি দেওয়া হয়েছিল। এরপর শিক্ষকরা তাদের ব্যাগ তল্লাশি করার সিদ্ধান্ত নেন। আর সেই তল্লাশিতেই এই আপত্তিকর জিনিসগুলি পাওয়া যায়। এই ঘটনা শিক্ষক ও অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। শিক্ষকদের এই আকস্মিক তল্লাশিতেই সম্পূর্ণ বিষয়টি প্রকাশ্যে আসে। শিক্ষার্থীদের স্কুলব্যাগে এই ধরনের জিনিসপত্র পাওয়ায় তাদের নিরাপত্তা এবং সুস্থ মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে।”

ভাইরাল হওয়া ভিডিওটিতে উদ্ধার হওয়া জিনিসগুলি একটি টেবিলের উপর সাজিয়ে রাখা দেখা যাচ্ছে। তার মধ্যে রয়েছে তামাটে রঙের ব্রাস নাক্‌ল, যা সাধারণত মারামারির সময় আঘাত করার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও, একটি কন্ডোমের প্যাকেট, একটি ছুরি, একটি সাইকেলের চেন এবং এক প্যাকেট পোকেমন কার্ডও দেখা যায়।

স্থানীয় সূত্রে খবর, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের ব্যাগ থেকেই মূলত এই জিনিসগুলি উদ্ধার হয়েছে। স্কুলের কয়েকজন শিক্ষক জানিয়েছেন যে কিছু শিক্ষার্থীর ব্যাগ থেকে মাদকদ্রব্যও পাওয়া গেছে। এমনকি কয়েকজন শিক্ষক এমনও অভিযোগ করেছেন যে দীর্ঘদিন ধরেই তাদের সন্দেহ ছিল স্কুলের ভেতরেই কিছু ছাত্র মাদক সেবন করে। শুধু এই স্কুলেই নয়, শহরের আরও কয়েকটি স্কুলে একই সময়ে শিক্ষার্থীদের ব্যাগ তল্লাশি করা হয়েছে। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতেই নাসিকের ওই বেসরকারি স্কুলের অধ্যক্ষ এই আকস্মিক তল্লাশি চালান। অভিভাবকদের অভিযোগ ছিল, অনেক শিক্ষার্থীই স্কুলব্যাগে মোবাইল ফোন নিয়ে আসে। তবে ব্যাগ তল্লাশির পর যা পাওয়া গেল, তাতে হতবাক সকলেই। এই ঘটনা শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।