হাইস্কুল ছেড়ে ফের প্রাইমারিতে- চাকরিহারা শিক্ষকদের পুরনো জায়গায় ফেরার তৎপরতা !

বড় স্বপ্ন নিয়ে ২০১৬ সালে এসএসসির মাধ্যমে হাইস্কুলে শিক্ষকতার চাকরি পেয়েছিলেন অনেকেই। তবে সাম্প্রতিককালে দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্ট সেই পুরো প্যানেল বাতিল করে দেওয়ায় প্রায় ২৬০০০ জন চাকরি হারিয়েছেন। শীর্ষ আদালত চাকরি বাতিল করলেও, একটি সুযোগ দিয়েছে। যারা আগে সরকারি চাকরি ছেড়ে এই হাইস্কুলে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন, তারা চাইলে তাদের পুরনো চাকরিতে ফিরে যেতে পারবেন।

এই সুযোগকে কাজে লাগিয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে। হাওড়া জেলার প্রায় ৬০ জন চাকরিহারা শিক্ষক, যারা আগে প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন এবং পরে এসএসসির মাধ্যমে হাইস্কুলে শিক্ষকতা শুরু করেছিলেন, তারা ফের তাদের পুরনো প্রাইমারি স্কুলের চাকরিতে ফিরে যেতে চেয়েছেন। এদের মধ্যে ২৫ জন ইতিমধ্যেই জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরে পুরনো চাকরিতে ফেরার জন্য লিখিত আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশিকা অনুযায়ী, ‘যোগ্য’ চাকরিহারারা যদি এই শিক্ষকতার চাকরি পাওয়ার আগে অন্য কোনও সরকারি চাকরি করতেন এবং এসএসসির মাধ্যমে স্কুল শিক্ষকের পদে যোগ দিতেন, তাহলে তারা পুনরায় তাদের পুরনো পদে ফিরে যেতে পারবেন। রাজ্য সরকারকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

এই পরিস্থিতিতে, যে সকল শিক্ষক আগে প্রাইমারি স্কুলে কর্মরত অবস্থায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হাইস্কুলে শিক্ষকতা শুরু করেছিলেন, তারা এখন ফের প্রাথমিক বিদ্যালয়ে ফিরে যাওয়ার জন্য রাজ্যের কাছে আবেদন জানাচ্ছেন। হাওড়া জেলার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ এই বিষয়ে সংবাদমাধ্যমকে জানান, “রাজ্য শিক্ষা দপ্তর যদি এই শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর নির্দেশ দেয়, তাহলে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর সেই প্রক্রিয়া শুরু করবে। চাকরিহারা শিক্ষকদের অনেকেই তাদের পুরনো প্রাইমারি স্কুলে শিক্ষকতার পদে ফিরতে চাইছেন। আপাতত এই সংখ্যা ৬০।” তবে তিনি আরও জানান, ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন শিক্ষা দপ্তর কী নির্দেশ দেয়, তার ওপর ভিত্তি করেই জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর পরবর্তী পদক্ষেপ নেবে।