Laptop বা Computer -এ আর দেখা যাবে না কম্পিউটারের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’!

কম্পিউটার ব্যবহারকারীদের কাছে ‘ব্লু স্ক্রিন অব ডেথ’ (BSOD) একটি পরিচিত এবং ভীতিকর দৃশ্য। কাজের মাঝে হঠাৎ করে পুরো স্ক্রিন নীল হয়ে যাওয়া যেন এক দুঃস্বপ্নের মতো। তবে এবার এই রঙের আতঙ্ক থেকে মুক্তি দিতে চলেছে মাইক্রোসফট। দীর্ঘদিনের চেনা নীল রঙের পর্দা বদলে সবুজ রঙ আনার সিদ্ধান্ত নিয়েছে এই টেক জায়ান্ট।

জানা গেছে, এখন থেকে উইন্ডোজ ১১-এ অপ্রত্যাশিত সিস্টেম ত্রুটি দেখা দিলে স্ক্রিন আর নীল নয়, সবুজ রঙের হয়ে যাবে। মাইক্রোসফটের দাবি, এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা কিছুটা হলেও শান্ত থাকতে পারবেন এবং দ্রুত তাদের কাজে ফিরে যেতে সক্ষম হবেন। মনোবিজ্ঞানীদের মতে, সবুজ রং সাধারণত শান্তি ও স্থিতিশীলতার প্রতীক, যা নীল রঙের আকস্মিকতার তুলনায় ব্যবহারকারীদের মানসিক চাপ কমাতে সহায়ক হতে পারে।

শুধু সবুজ নয়, মাইক্রোসফট সম্ভবত কালো রঙও ব্যবহার করার কথা ভাবছে। যদিও ‘মৃত্যুর কালো পর্দা’য় নীলের ঐতিহ্যবাহী ব্র্যান্ডিং থাকবে না, তবে আধুনিক উইন্ডোজ ১১-এর পরিষ্কার এবং ন্যূনতম ডিজাইন ধারণার সঙ্গে এই রঙ আরও ভালোভাবে মানানসই হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এখানেই শেষ নয়, উইন্ডোজ আরও কিছু পরিবর্তনের কথা ভাবছে। এখন থেকে ‘এরর’ স্ক্রিনে সেই পরিচিত দুঃখী মুখের ইমোজি অথবা কিউআর কোড আর দেখা যাবে না। মাইক্রোসফটের মতে, এই উপাদানগুলো অনেক সময় ব্যবহারকারীদের বিরক্তির কারণ হয়। তাই ভবিষ্যতের আপডেটে একটি সরল বার্তা দেখানো হবে। যেখানে স্পষ্ট করে লেখা থাকবে, “আপনার ডিভাইসে সমস্যা হয়েছে। এটি রিস্টার্ট করা প্রয়োজন।”

মাইক্রোসফট মনে করছে, এই পরিবর্তনগুলো সিস্টেম ক্র্যাশ হওয়ার পরে ব্যবহারকারীদের মধ্যে যে অপ্রত্যাশিত উদ্বেগ তৈরি হয়, তা অনেকাংশে হ্রাস করবে এবং একটি মসৃণ ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করবে। কবে নাগাদ এই নতুন রঙের পর্দা এবং সরল বার্তা উইন্ডোজ ১১-এর আপডেটে যুক্ত হবে, সে বিষয়ে মাইক্রোসফটের পক্ষ থেকে এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে টেক বিশেষজ্ঞরা মনে করছেন, খুব শীঘ্রই এই পরিবর্তন দেখতে পাওয়া যাবে।