ভোজপুরি গানের লিরিক্সে ঘৃণ্য অপরাধের ছায়া! মঞ্চে অভিনীত হল মিরাট হত্যাকাণ্ড, ছিঃ ছিক্কার নেটদুনিয়ায়

ভোজপুরি গানের কথায় উঠে এল এক নৃশংস অপরাধের চিত্রনাট্য। শুধু তাই নয়, মঞ্চের উপর অভিনেতা ও নর্তকীরা সেই ঘৃণ্য মিরাট হত্যাকাণ্ডটি অভিনয় করে দেখালেন। ভোজপুরি গান থেকে শুরু করে শিল্পীদের এই কীর্তি প্রকাশ্যে আসতেই নেট মাধ্যমে শুরু হয়েছে জোরদার চর্চা। তীব্র নিন্দায় মুখর হয়েছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মিরাটে সৌরভ রাজপুত নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে খুন করেছিল তাঁর স্ত্রী মুসকান এবং তার বন্ধু সাহিল। হত্যার পর দেহটিকে ১৫টি টুকরো করে একটি নীল রঙের ড্রামের মধ্যে ভরে সিমেন্ট দিয়ে চাপা দিয়েছিল তারা। সৌরভ হত্যাকাণ্ডের এই ঘটনা উত্তরপ্রদেশ ছাড়িয়ে গোটা দেশেই চাঞ্চল্য সৃষ্টি করেছিল। মুসকান ও সাহিলের এই বীভৎস কাণ্ডে হতবাক হয়ে গিয়েছিল পুলিশও। সেই ঘটনার তদন্ত চলাকালীনই তৈরি হয়েছে এই বিতর্কিত ভোজপুরি গান।
‘ড্রাম মে রাজা’ নামের এই ভোজপুরি গানের কথার অর্থ, স্ত্রীর কথা না শুনলে ঠাঁই হবে নীল ড্রামে। ভিডিওতে দেখা যাচ্ছে, বউয়ের কথা অমান্য করলে স্বামীর কেমন ভয়ংকর পরিণতি হতে পারে, তা মঞ্চে অভিনেতারা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলছেন। মঞ্চের চারপাশে রাখা রয়েছে নীল রঙের ড্রাম। তার মধ্যে হাত-পা এবং মুখে কাপড় বাঁধা অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে কয়েকজন নর্তকীকে।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে। বহু ব্যবহারকারী মন্তব্য করেছেন, “এত জঘন্য একটা অপরাধকে নিয়ে কীভাবে গান লেখা যায়! এই কারণেই সমাজে কখনও অপরাধের ঘটনা বন্ধ হবে না।” আবার কেউ লিখেছেন, “গানের মধ্যে খুনের দৃশ্য! তাও যখন সেই ঘটনার বিচার চলছে! এরা কেউই সৌরভের পরিবারের কথা একবারও ভাবছেন না।”
এই ঘটনায় ভোজপুরি গানের লিরিক্স এবং শিল্পীদের রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন বহু মানুষ। এমন ঘৃণ্য অপরাধকে বিনোদনের উপকরণ হিসেবে ব্যবহার করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। সমাজের সংবেদনশীলতা এবং মানবিক মূল্যবোধের প্রতি এই ধরনের গান ও অভিনয় চরম আঘাত হেনেছে বলে মনে করছেন অনেকে।