২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী রানাকে আজই আনা হচ্ছে ভারতে, রাখা হবে তিহার জেলে

২০০৮ সালের মুম্বই হামলার অন্যতম প্রধান চক্রী তাহাউর রানাকে অবশেষে ভারতে আনা হচ্ছে। আমেরিকা থেকে তাকে প্রত্যর্পণ করা হয়েছে এবং আজ বৃহস্পতিবার বিকেলে একটি বিশেষ বিমানে করে তাকে দিল্লিতে নিয়ে আসা হবে।
দিল্লিতে পৌঁছানোর পর জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) রানাকে গ্রেফতার করবে। এরপর তাকে পাতিয়ালা হাউস কোর্টে হাজির করানো হতে পারে। তদন্ত চলাকালীন তাকে তিহাড় জেলেই রাখা হবে বলে জানা গিয়েছে। এই উপলক্ষে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পাক বংশোদ্ভূত কানাডার নাগরিক ৬৩ বছর বয়সী তাহাউরের প্রত্যর্পণ দীর্ঘদিন ধরে চেয়েছিল ভারত। চলতি বছরের শুরুতেই আমেরিকার সুপ্রিম কোর্ট তার প্রত্যর্পণে অনুমোদন দেয়। এর আগে ২০০৯ সালে শিকাগোয় তাকে গ্রেফতার করে এফবিআই। মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রকারী পাক-আমেরিকান জঙ্গি ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে তার ঘনিষ্ঠ যোগ ছিল। লস্কর-ই-তইবাকে সাহায্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। উল্লেখ্য, হেডলি ইতিমধ্যেই হামলার ঘটনায় আমেরিকায় ৩৫ বছরের কারাদণ্ড ভোগ করছে।
ভারত ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে রানার প্রত্যর্পণ চেয়েছিল। দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত ফেব্রুয়ারিতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রানাকে ভারতে প্রত্যর্পণের চূড়ান্ত ঘোষণা করেন। রানা মার্কিন সুপ্রিম কোর্টে এই বিষয়ে স্থগিতাদেশ চেয়েছিলেন, কিন্তু তার সেই আবেদন খারিজ হয়ে যায়। এখন ভারতের বিশেষ এনআইএ আদালতে তার বিচার প্রক্রিয়া শুরু হবে।
আমেরিকার সুপ্রিম কোর্টে প্রত্যর্পণের বিরুদ্ধে শেষ চেষ্টা চালালেও তাহাউর রানার আর্জি খারিজ হয়ে যায়। এরপরই তার ভারতে আসার পথ প্রশস্ত হয়। ২০০৮ সালের ২৬শে নভেম্বর মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ১৬৬ জন নিরীহ মানুষের মৃত্যু হয়, যাদের মধ্যে ৬ জন ছিলেন আমেরিকান নাগরিক। এই হামলার অন্যতম প্রধান অভিযুক্ত এই তাহাউর রানা। তার গ্রেফতারি এবং বিচার ভারতের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।