স্বামী-স্ত্রীর তুমুল ঝগড়া, পুলিশ যেতেই হলো বড় পর্দাফাঁস, ধরা পড়ল বাংলাদেশি দম্পতি

সামান্য দাম্পত্য কলহ থেকে পর্দাফাঁস হল এক চাঞ্চল্যকর তথ্যের। মহারাষ্ট্রের জালনায় স্বামী-স্ত্রীর ঝগড়ার জেরে শেষ পর্যন্ত পুলিশ ডেকে বিপাকে পড়লেন দুজনেই। পুলিশি তদন্তে জানা গেল, ওই দম্পতি আসলে বাংলাদেশি এবং অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে খবর, আটক হওয়া ওই দম্পতির নাম বুলবুলি মোস্তাফাজুর রহমান ও আসলামমানী কাজী। তাঁরা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে মুম্বইয়ের সানপাদা এলাকায় বসবাস করছিলেন। বেশ কিছুদিন ধরে তাঁদের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল।
জানা গিয়েছে, স্ত্রীর সঙ্গে নিত্যদিনের ঝগড়া থেকে মুক্তি পেতে বুলবুলি সম্প্রতি জালনায় যান। স্বামী তাঁর পিছু ধাওয়া করে জালনা-ছত্রপতি সম্ভাজিনগর রাস্তার কাছে একটি হাসপাতালের কাছে স্ত্রীর খোঁজ পান। সেখানে ফের তাঁদের মধ্যে তুমুল বাগবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, বিরক্ত হয়ে স্ত্রী নিজেই ১১২ নম্বরে ফোন করে পুলিশের কাছে অভিযোগ জানান।
খবর পেয়ে বদনাপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং দু’জনকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, বুলবুলি ও আসলামমানী দুজনেই বাংলাদেশের নাগরিক এবং তাঁদের কাছে ভারতে বসবাসের কোনও বৈধ কাগজপত্র নেই। এরপরই পুলিশ তাঁদেরকে বেআইনিভাবে ভারতে বসবাসের অভিযোগে গ্রেফতার করে।
পুলিশ এখন খতিয়ে দেখছে, ওই দম্পতি কখন এবং কীভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পাশাপাশি, তাঁরা কোনও রকম অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন কিনা, সে বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। একটি সাধারণ পারিবারিক কলহের তদন্তে নেমে অবৈধ অনুপ্রবেশের মতো গুরুতর তথ্য পাওয়ায় হতবাক পুলিশকর্তারা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।