দেশে ফিরছে 26/11 মুম্বই হামলার অন্যতম চক্রী ‘তাহাউর রানা’ !

অবশেষে ভারতে ফিরছেন ২০০৮ সালের ২৬/১১ মুম্বই হামলার অন্যতম প্রধান চক্রী তাহাউর রানা। বুধবার সূত্র মারফত জানা গিয়েছে, তাঁর প্রত্যর্পণের নথি তৈরির সমস্ত কাজ সম্পন্ন করতে ভারতীয় আধিকারিকদের একটি দল ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছেছেন। সেই প্রক্রিয়া শেষ হলেই রানাকে ভারতে নিয়ে আসা হবে।

সম্প্রতি, ভারতে প্রত্যর্পণের নির্দেশের উপর পুনর্বিবেচনার জন্য মার্কিন সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন তাহাউর রানা। তবে তাঁর সেই আবেদন খারিজ করে দেয় আমেরিকার শীর্ষ আদালত। মার্কিন সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, রানাকে ভারতেই ফিরতে হবে। এই রায় ঘোষণার পরই তাঁকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করে ভারত।

এর আগে, মার্কিন নিম্ন আদালতের রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তাহাউর রানা। এরপর তিনি আমেরিকার শীর্ষ আদালতে যান। আবেদনে রানা দাবি করেন, তিনি পাক সেনাবাহিনীর প্রাক্তন সদস্য। সেই কারণে ভারতে তাঁর উপর নির্যাতন হতে পারে এবং স্বাস্থ্যজনিত কারণে তাঁর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

নিউইয়র্কে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত অ্যাটর্নি রবি বাত্রা জানান, গত ৬ মার্চ মুম্বই বিস্ফোরণে চক্রী তাহাউরের আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্টের নবম সার্কিটের বিচারপতি এলেনা কাগান। এরপর সেই মামলাটি প্রধান বিচারপতি জন রবার্টসের বেঞ্চে গেলে সেখানেও রানার আবেদন খারিজ হয়ে যায়।

প্রসঙ্গত, গত জানুয়ারিতে আমেরিকার একটি আদালত রানাকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিয়েছিল। ২০০৮ সালের মুম্বই হামলার মামলায় এই পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিকের যোগসূত্র খুঁজে পায় ভারত। তারপর থেকেই তাঁকে ভারতে আনার চেষ্টা চলছিল। গত ফেব্রুয়ারি মাসে হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রানাকে ভারতে পাঠানোর কথা ঘোষণা করেন। তারপর থেকেই তাঁকে ভারতে ফেরানোর প্রক্রিয়া আরও জোরদার হয়। বর্তমানে ৬৪ বছর বয়সি তাহাউর রানা লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন। তাঁর ভারতে প্রত্যাবর্তনের খবরে স্বস্তি ফিরেছে মুম্বই হামলার শিকার ও তাঁদের পরিবারের মধ্যে।