চাকরি চাইতে গিয়ে জুটল লাঠিপেটা! কসবায় ধুন্ধুমার, অসুস্থ একাধিক শিক্ষক

চাকরি বাতিল ইস্যুতে ফের উত্তপ্ত শহর কলকাতা। চাকরি ফিরে পাওয়ার দাবিতে আজ জেলায় জেলায় ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর (DI) অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন চাকরিহারারা। সেই কর্মসূচির অংশ হিসেবে কসবার DI অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন চাকরিচ্যুত শিক্ষক ও শিক্ষাকর্মীরা। বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে এবং অভিযোগ ওঠে, পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে।

এদিন বিক্ষোভের শুরু থেকেই উত্তেজনা ছিল চরমে। চাকরিহারারা ‘বিচারের দাবি’ নিয়ে স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, শান্তিপূর্ণভাবে আন্দোলন করা শিক্ষকদের টেনে হিঁচড়ে সরানোর চেষ্টা করে পুলিশ।

তবে চাকরিহারারা নিজেদের অবস্থানে অনড় থাকেন। তাঁরা ব্যারিকেড টপকে DI অফিসের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি ও তুলকালাম বাধে। আন্দোলনকারীদের অভিযোগ, মহিলা শিক্ষকদেরও বেধড়ক লাঠিচার্জ করেছে পুলিশ। চাকরি চাইতে গিয়ে পুলিশের লাঠিপেটায় বহু চাকরিহারা অসুস্থ হয়ে পড়েছেন এবং কয়েকজন গুরুতর আঘাতও পেয়েছেন বলে জানা গেছে।

এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। চাকরিহারাদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় উঠেছে। আন্দোলনকারীরা তাঁদের ন্যায্য দাবিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন, অথচ তাঁদের ওপর এমন দমনমূলক পদক্ষেপ কেন নেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

আহত চাকরিহারাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বজায় রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চাকরিহারাদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং দোষী পুলিশকর্মীদের শাস্তির দাবি জানানো হয়েছে।