শর্ট সার্কিট-থেকে ছড়াল আগুন’,কর্ণাটকের গ্রামে হাহাকার, আগুনে পুড়ে ছাই শতাধিক বাড়ি !

কর্নাটকের একটি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়লে ইয়াদগির জেলার জালিবেঞ্চি গ্রামে শতাধিক বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাতের এই ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন গ্রামের মানুষ।

অগ্নিকাণ্ডের বেশ কয়েকটি আতঙ্কজনক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গ্রামের একটি বিদ্যুতের খুঁটিতে প্রথমে শর্ট সার্কিট হয়। সেখান থেকেই আগুনের ফুলকি আশেপাশে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা একটার পর একটা বাড়িকে গ্রাস করতে শুরু করে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, নিমেষেই গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই ভয়াবহ অগ্নিকাণ্ডে গ্রামের শতাধিক বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। ঘরবাড়ির সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের দরকারি নথি, মূল্যবান আসবাবপত্র এবং অন্যান্য সমস্ত জিনিসপত্র ভস্মীভূত হয়ে গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। তবে আগুনের ব্যাপকতা এতটাই বেশি ছিল যে, দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়।

বুধবার সকালে আঞ্চলিক গুলবর্গা বিদ্যুৎ সরবরাহ দফতরের আধিকারিকরাও গ্রামে পৌঁছোন এবং ক্ষতিগ্রস্ত বিদ্যুতের লাইন মেরামতের কাজ শুরু করেন। তবে ভিটেমাটি হারিয়ে অসহায় গ্রামবাসীদের মধ্যে এখনও আতঙ্ক ও হাহাকারের রেশ কাটেনি। নিজেদের চোখের সামনে সবকিছু পুড়ে ছাই হতে দেখা মানুষজন এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।