চাকরি বাতিলের আবহে আশার আলো! সুপারনিউমেরারি পদে নিয়োগের জট খুলল সুপ্রিম কোর্টে

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশে যখন রাজ্যজুড়ে তোলপাড়, ঠিক সেই সময়েই কিছু চাকরিপ্রার্থীর জন্য এল এক আশার আলো। অভিযোগ উঠেছিল, রাজ্য মন্ত্রিসভা সুপারনিউমেরারি পদ তৈরি করে নিয়োগে দুর্নীতি করেছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে এই সংক্রান্ত মামলা উঠলে, হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দেয় শীর্ষ আদালত।

চাকরি বাতিলের ঘনঘটার মধ্যেই এই নির্দেশে নতুন করে নিয়োগের সম্ভাবনা দেখা দিয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়ে যোগ্য চাকরিপ্রার্থীরা ফের আশার আলো দেখতে শুরু করেছেন। কিছুদিন আগে রাজ্য সরকার এসএসসির মাধ্যমে অতিরিক্ত ৬ হাজার শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল। নিয়োগ দুর্নীতির একাধিক মামলার আবহে এই বিষয়টি নিয়ে ফের বিতর্ক সৃষ্টি হয়।

সুপারনিউমেরারি পদ তৈরির জন্য মন্ত্রিসভার অনুমোদনও মেলে এবং সেই অনুযায়ী বিজ্ঞপ্তি জারি করা হয়। কিন্তু এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হলে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দেয় যে, এভাবে সুপারনিউমেরারি পদ তৈরি করার সিদ্ধান্ত আইনসঙ্গত নয়। জানা যায়, এসএসসিতে নিয়োগের জন্য প্রায় ছ’ হাজার সুপারনিউমেরারি পদ তৈরি করা হয়েছিল। এই পদ তৈরি করে রাজ্য সরকারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে।

এই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, রাজ্য সরকারের সঙ্গে যুক্ত যে ব্যক্তিরা অতিরিক্ত পদ তৈরির ক্ষেত্রে অনুমোদন দিয়েছিলেন, তাদের বিরুদ্ধেও সিবিআই তদন্ত করা হবে। গত বছর এপ্রিল মাসে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি রশিদির বেঞ্চ চাকরি বাতিলের রায় দেওয়ার পাশাপাশি জানিয়েছিল, নিয়োগে দুর্নীতি ও কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে।

পরবর্তীতে এসএসসি ও রাজ্য সরকার হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সুপারনিউমেরারি পদ তৈরি নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে। সেই সময় শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছিল, রাজ্য সরকারি অফিসার বা মন্ত্রীদের বিরুদ্ধে কোনও তদন্ত করতে পারবে না সিবিআই। ২৬ হাজার চাকরি বাতিলের পর মঙ্গলবার ফের এই মামলা ওঠে সুপ্রিম কোর্টে।

গতকাল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে, মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে তদন্তের যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল, তা খারিজ করা হচ্ছে। ২০২২ সালে এসএসসি ১৭০০ জন চাকরিপ্রার্থীকে প্রাথমিকের ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশন শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করেছিল। তবে, শূন্যপদ সৃষ্টি সংক্রান্ত মামলার কারণে কমিশনের সুপারিশ পাওয়া সত্ত্বেও গোটা নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল।

এই বিষয়ে চাকরিপ্রার্থীদের আইনজীবী গতকাল বলেন, ‘এই শূন্যপদ নিয়ে মামলাটির কারণেই এতদিন তারা নিয়োগ পাননি। এবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর যোগ্য অপেক্ষারত প্রার্থীরা নিয়োগ পেতে চলেছেন’। সুপ্রিম কোর্টের এই রায় নিঃসন্দেহে সেই ১৭০০ জন যোগ্য চাকরিপ্রার্থীর জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করল।