যোগ্য-অযোগ্য বাছাইয়ের চাকিকাঠি কি হার্ডডিস্ক? আশার আলো দেখাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় !

বাংলার রাজ্য রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন— কীভাবে চিহ্নিত করা হবে সেই ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের, যাদের চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হওয়া প্রায় ২৬ হাজার জনের মধ্যে অন্তর্ভুক্ত? আদালতের নির্দেশের পর থেকেই রাস্তায় নেমেছেন এই ‘যোগ্য’ প্রার্থীরা, একটাই দাবি—সম্মানের সঙ্গে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। তবে, ‘যোগ্য’ এবং ‘অযোগ্য’ এর বিভাজন রেখা টানার পদ্ধতি নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি।

এই পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার মতে, এই নিয়োগ প্রক্রিয়ার আসল সত্য লুকিয়ে থাকতে পারে সিবিআই উদ্ধার করা মাদার ডিস্কে। তিনি বলেন, “সিবিআই যে মাদার ডিস্ক উদ্ধার করেছে, সেটা এসএসসি-র কাছে আছে। সম্ভবত সুপ্রিম কোর্টের কাছেও রয়েছে। যদি সেটা প্রকাশ করা হয়, তবে ওএমআর শিটও প্রকাশিত হবে। তখন বোঝা যাবে কে সাদা খাতা জমা দিয়েছে, কে ভুল উত্তর দিয়ে নম্বর পেয়েছে, এবং কারা সত্যিকার পরীক্ষায় যোগ্য নম্বর পেয়েছে।”

তমলুকের নবনির্বাচিত বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনীতি বন্ধ করার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, “দিদির কাছে আমার আবেদন, এই বিষয়টিকে আর রাজনীতি করবেন না। এই ছেলেদের ভাগ্যে যে বিপর্যয় নেমে এসেছে, তা সহ্য করা যাচ্ছে না। যদি ওএমআর শিট প্রকাশ করা হয়, তাহলে সবার সামনে আসবে কে যোগ্য এবং কে অযোগ্য।”

তিনি আরও আশঙ্কা প্রকাশ করেছেন, সম্ভবত সেই ওএমআর শিট এখনও কোথাও লুকিয়ে রাখা আছে, পুরোপুরি নষ্ট করা হয়নি। তার যুক্তির সমর্থনে তিনি বলেন, “কারণ, ‘রাইট টু ইনফরমেশন’ আইনের আওতায় এসএসসি ইতিমধ্যে প্রশ্নের উত্তর প্রদান করেছে, যা থেকে বোঝা যায় যে সেই ওএমআর শিট এখনও অবিকৃত অবস্থায় রয়েছে।”

অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে করেন, যদি সেই ওএমআর শিট প্রকাশ করা হয়, তবে পরিস্থিতি আরও স্পষ্ট হবে। কারা প্রকৃত মেধাবী এবং কারা ভুল তথ্য দিয়ে সুযোগ পেয়েছে, তা সহজেই জানা যাবে। এখন দেখার বিষয়, প্রাক্তন বিচারপতির এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন কোনও মোড় ঘোরায় কিনা এবং যোগ্য প্রার্থীদের চিহ্নিত করার ক্ষেত্রে এই ‘মাদার ডিস্ক’ কতটা সহায়ক হয়।