গড়িয়াহাটে যুবককে কুপিয়ে জখম, ফালা ফালা শরীর”,পুরনো শত্রুতার জের? কি আসল কারণ

রাতের অন্ধকারে ধারাল অস্ত্রের হামলায় গুরুতর জখম হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে গড়িয়াহাট এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ২৭ বছর বয়সী রকি রাজবংশী ওরফে ভলু বর্তমানে পার্ক সার্কাস সংলগ্ন চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, পুরনো কোনও শত্রুতার জেরেই এই হামলার ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত সোমবার মধ্যরাতে, আনুমানিক রাত দুটো নাগাদ ককুলিয়ায়। সেখানে স্থানীয় ভোলা, যিশু এবং পিংকুর সঙ্গে প্রথমে বচসা হয় রকির। এরপর রকিকে গড়িয়াহাট মোড়ে ডেকে পাঠানো হয়। অভিযোগ, সেখানেই রাস্তায় ফেলে চপার জাতীয় ধারাল অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় রক্তাক্ত রকিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনায় এখনও পর্যন্ত গড়িয়াহাট থানার পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তবে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তল্লাশির সময় অভিযুক্তদের বাড়িতে কাউকে পাওয়া যায়নি। এক প্রতিবেশী জানিয়েছে, বাড়িতে কেউ নেই।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এই প্রথম নয়, এর আগেও রকির সঙ্গে অভিযুক্ত ওই যুবকদের ঝামেলা হয়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সময়ও ওই যুবকরা রকির উপর হামলা চালিয়েছিল।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে ঘটনার আসল কারণ উদঘাটনের চেষ্টা চালাচ্ছে। রকির পরিবারের সদস্যরা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। বর্তমানে রকির শারীরিক অবস্থা স্থিতিশীল কিনা, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।