সিঙ্গাপুরে স্কুল অগ্নিকান্ডে আহত পবন কল্যাণের ছোট ছেলে! পায়ে ছ্যাঁকা, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হাসপাতালে

জনপ্রিয় অভিনেতা এবং অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের ছোট ছেলে মার্ক শঙ্কর সিঙ্গাপুরে এক অগ্নিকাণ্ডে আহত হয়েছে। মঙ্গলবার সিঙ্গাপুরের একটি স্কুলে আগুন লাগলে সেখানে উপস্থিত ছিল ৮ বছর বয়সী মার্ক।
রিপোর্ট অনুযায়ী, আগুনের শিখা এবং ধোঁয়ায় মার্ক শঙ্করের হাত ও পায়ে আঘাত লেগেছে। ধোঁয়া শ্বাস নেওয়ার ফলে তার শ্বাসকষ্টও শুরু হয়েছে বলে জানা গেছে। আহত হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানেই তার চিকিৎসা চলছে।
জনসেনা পার্টির তরফে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এই দুর্ঘটনার খবরটি প্রথম প্রকাশ করা হয়।
এই দুর্ঘটনার খবর পাওয়ার পরেই পবন কল্যাণ, যিনি বর্তমানে আল্লুরি সীতারামা রাজু জেলায় সরকারি সফরে রয়েছেন, তার সফর সংক্ষিপ্ত করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা যাচ্ছে।
মার্ক শঙ্কর পবন কল্যাণ এবং তার স্ত্রী আনা লেজনেভার পুত্র। ২০১৭ সালের ১০ অক্টোবর তার জন্ম। বর্তমানে সে সিঙ্গাপুরের একটি স্কুলে পড়াশোনা করছে। মঙ্গলবার স্কুলে ক্লাস চলাকালীনই আগুন লাগে এবং ছোট্ট মার্ক আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে।
এই মুহূর্তে মার্ক শঙ্করের শারীরিক অবস্থা কেমন আছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। তবে এই ঘটনায় পবন কল্যাণের পরিবার এবং অনুরাগীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।