ধামাকাদার ঘোষণা আল্লু অর্জুনের জন্মদিনে! সিনেপ্রেমীদের জন্য আসছে উপহার, অ্যাটলির পরিচালনায় সুপারহিরো অবতারে ‘পুষ্পা’ তারকা?

আল্লু অর্জুনের ৪৩তম জন্মদিন উপলক্ষ্যে এলাহি সেলিব্রেশনের মাঝেই এল এক ধামাকাদার ঘোষণা। জনপ্রিয় প্রযোজনা সংস্থা সান পিকচার্স মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করল তাদের নতুন প্রোজেক্টের কথা। আর এই ছবিতে জুটি বাঁধতে চলেছেন ‘পুষ্পা’ খ্যাত সুপারস্টার আল্লু অর্জুন এবং ‘জওয়ান’ খ্যাতির পরিচালক অ্যাটলি কুমার। এই বিগ বাজেট ছবি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে অনুরাগীদের মধ্যে।

এই বিশেষ ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রকাশ্যে এসেছে একটি দুর্দান্ত টিজার। টিজারটি দেখেই হতবাক আল্লু অর্জুনের ফ্যানেরা। জওয়ান-এর মতো ব্লকবাস্টার ছবি উপহার দেওয়ার পর অ্যাটলি এবার যে সাই-ফাই অ্যাকশন ছবি নিয়ে আসছেন, টিজারেই তার আভাস মিলেছে। টিজারের ভিজ্যুয়াল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক রীতিমতো গায়ে কাঁটা ধরানোর মতো।

সান পিকচার্স-এর তরফে জানানো হয়েছে, অ্যাটলির পরিচালনায় এটি হতে চলেছে আল্লু অর্জুনের কেরিয়ারের ২২তম ছবি। অন্যদিকে, পরিচালক অ্যাটলির এটি ষষ্ঠতম সিনেমা। এই প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন এই দুই জনপ্রিয় তারকা।

টিজার দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। নেটিজেনদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে ছবির বিষয়বস্তু নিয়ে। অনেকেই অনুমান করছেন, ‘পুষ্পা’-র আকাশছোঁয়া সাফল্যের পর আল্লু অর্জুন সম্ভবত এবার সুপারহিরোর পোশাকে ধরা দিতে চলেছেন। টিজারের কিছু ঝলক সেই ধারণাকে আরও জোরালো করেছে। যদিও নির্মাতারা এখনও পর্যন্ত ছবির প্লট নিয়ে মুখ খোলেননি, তবে টিজারের অ্যাকশন সিকোয়েন্স এবং স্পেশাল এফেক্টস দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে এটি একটি উচ্চমানের অ্যাকশন-প্যাকড ছবি হতে চলেছে।

আল্লু অর্জুনের জন্মদিনে এই বড় ঘোষণা তাঁর ফ্যানদের জন্য এক অসাধারণ উপহার। ‘পুষ্পা’-র পর আল্লুর এই নতুন প্রোজেক্ট তাঁর কেরিয়ারে আরও একটি বড় মাইলস্টোন হতে পারে বলে মনে করছেন ফিল্ম সমালোচকরা। অ্যাটলি এবং আল্লু অর্জুনের এই নতুন জুটি বক্স অফিসে কতটা ঝড় তোলে, এখন সেটাই দেখার। তবে টিজার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে।