এক চোখে ‘অন্ধত্ব’ ও অন্য চোখে ‘ক্ষীণ’ আলো নিয়ে সংসার চালাচ্ছেন ‘বিশ্বকর্মা রতন’!

দৃষ্টিশক্তি প্রায় নেই বললেই চলে। চিকিৎসক জানিয়েছেন, বাঁ চোখের সামান্য ১০ শতাংশ আলোও যে কোনও মুহূর্তে নিভে যেতে পারে। কিন্তু সংসার তো চালাতে হবে। সেই তাগিদেই প্রায়ান্ধকার দুনিয়াতেও বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামতের কাজ করে চলেছেন রতন রায়।
আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নং অঞ্চলের ডালিমপুরের বাসিন্দা রতন রায়ের ডান চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণভাবে চলে গিয়েছে। বাঁ চোখেও অবশিষ্ট রয়েছে মাত্র ১০ শতাংশ আলো। এই ক্ষীণ আলোকেই সঙ্গী করে দিনের পর দিন ধরে বৈদ্যুতিক যন্ত্রপাতির সরঞ্জাম সারিয়ে চলেছেন তিনি। পেশায় রতন একজন বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামতের ফিটার।
এই কাজ করতে ভালোবাসেন রতন। বহু বছর ধরে এই পেশাই তাঁর জীবনধারণের একমাত্র অবলম্বন। চোখে প্রায় না দেখলেও, বৈদ্যুতিক সরঞ্জাম ঠিক করতে তেমন কোনও সমস্যার সম্মুখীন হন না বলেই জানান তিনি। তাঁর এই অদম্য আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম দেখে এলাকার মানুষজন ভালোবেসে তাঁকে ‘বিশ্বকর্মা’ নামেই ডাকেন। অভাবের সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি রতন। তাই শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তাঁকে কাজ করে যেতেই হয়। দৃষ্টিশক্তির অভাবে কোনও কোম্পানি তাঁকে কাজে নিতে না চাওয়ায়, নিজেই যন্ত্রপাতি মেরামতের কাজ বেছে নিয়েছেন তিনি।
রতন জানান, বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরির কাজ করতে গিয়েই এক সময় তাঁর এক চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণভাবে চলে যায়। কিন্তু এই কাজ তিনি ছাড়তে পারেন না। তাঁর কথায়, “এই কাজ না করলে আমার আর কোনও পরিচয় নেই। প্রায় ১৫ বছর বয়স থেকে আমি এই কাজ করছি। যন্ত্রাংশ ঠিক করতে সবসময় নিখুঁত দৃষ্টিশক্তির প্রয়োজন হয় না।”
এক চোখে প্রায় অন্ধত্ব এবং অন্য চোখে ক্ষীণ আলো নিয়েও রতন রায়ের জীবন সংগ্রাম সত্যিই অনুপ্রেরণামূলক। শারীরিক দুর্বলতাকে হার মানিয়ে তিনি যেভাবে নিজের পেশাকে আঁকড়ে ধরে সংসার চালাচ্ছেন, তা সমাজের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত।