KKR-LSG ম্যাচে বৃষ্টির পূর্বাভাস? কি আপডেট আবহাওয়া দপ্তরের !

মঙ্গলবার আইপিএলের এক গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। শেষ ম্যাচে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদকে বড় ব্যবধানে হারানোর পর আত্মবিশ্বাসে টগবগ করছে নাইট শিবির। জয়ের ধারা বজায় রেখে ঘরের মাঠে সঞ্জীব গোয়েঙ্কার লখনউকে হারাতে মরিয়া কেকেআর।
এই ম্যাচটি কার্যত ‘বঙ্গভঙ্গ’-এর লড়াইয়ের মতো। কারণ একদিকে কলকাতার দল, অন্যদিকে কলকাতারই শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন লখনউ সুপার জায়ান্টস। বিগত কয়েক মরশুম ধরেই এই ম্যাচকে কেন্দ্র করে ইডেনে এক আলাদা উন্মাদনা দেখা যায়। লখনউ দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা একইসাথে মোহনবাগান এসজি দলের চেয়ারম্যানও। এর ফলে সবুজ মেরুনের বহু সমর্থক ইডেনে লখনউকে সমর্থন জানাতে ভিড় করেন। তাই মঙ্গলবারকের ম্যাচটি যে হাড্ডাহাড্ডি হবে, তা বলাই বাহুল্য।
তবে এই উত্তেজক ম্যাচের দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া? বৃষ্টি কি কোনওরকম প্রভাব ফেলতে পারে? এই বিষয়ে বিস্তারিত পূর্বাভাস তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
চৈত্রের শেষ লগ্নে কলকাতায় গরমের তীব্রতা ক্রমশ বাড়ছে। এই সময়ে কালবৈশাখীর সম্ভাবনাও থাকে। তবে মঙ্গলবার ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে তিনটে থেকে। এই ম্যাচের আগে কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য একটি সুখবর রয়েছে। আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মঙ্গলবার কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। পূর্বাভাসে মূলত রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কথাই বলা হয়েছে। দিনের তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫৩ শতাংশ। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, মাত্র ৫ শতাংশ। ফলে লখনউ বনাম কলকাতার এই মেগা ম্যাচে বৃষ্টির কারণে কোনওরকম বিঘ্ন ঘটার সম্ভাবনা নেই বলেই আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
তবে ক্রিকেটারদের দুপুরের তীব্র গরমের মধ্যেই খেলতে হবে। সাধারণত সন্ধ্যার পর খেলা হলে তাপমাত্রা কিছুটা কমে আসে। কিন্তু এই ম্যাচ যেহেতু বেলা ৩.৩০ মিনিটে শুরু হবে, তাই খেলোয়াড়দের প্রবল গরমের মোকাবিলা করতে হবে। আবহাওয়াবিদদের অনুমান, ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
চলতি আইপিএল মরশুমে ইডেনে এখনও পর্যন্ত দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং কোনও ম্যাচেই বৃষ্টি কোনও প্রভাব ফেলেনি। যদিও ইডেনের মাঠের পরিকাঠামো অত্যন্ত উন্নত। বৃষ্টি থামার অল্প সময়ের মধ্যেই খেলা পুনরায় শুরু করা সম্ভব। শেষ ম্যাচের পিচ নিয়েও খুশি কেকেআর শিবির।
ইতিমধ্যেই রবিবার লখনউ সুপার জায়ান্টস দল ইডেনে অনুশীলন করেছে। শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পাওয়ায় লখনউ দল স্বাভাবিকভাবেই বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। রবিবারের অনুশীলনে দলের অধিনায়ক ঋষভ পন্থকে বেশ খোশমেজাজে দেখা গেছে। মালিক সঞ্জীব গোয়েঙ্কার শহরের মাঠে জয় তুলে নিতে মরিয়া লখনউ সুপার জায়ান্টস। সব মিলিয়ে মঙ্গলবার ইডেনে এক জমজমাট ক্রিকেট ম্যাচের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।