BJP-কর্মীকে লক্ষ্য করে গুলি, রামনবমীর ভোরে দুষ্কৃতী হামলা, উত্তপ্ত পরিস্থিতি

রাজ্যে রাজনৈতিক নেতা কর্মীদের উপর হামলার ঘটনা অব্যাহত। এবার রামনবমীর ভোরে উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকায় এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় ওই কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
আহত বিজেপি কর্মীর নাম আশুতোষ বিশ্বাস (বৃদ্ধ)। তিনি গাইঘাটা থানার বড়া কৃষ্ণনগর এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে পুরনো বিজেপি কর্মী হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে আশুতোষ বিশ্বাস তাঁর স্ত্রীকে ট্রেনে তুলে দেওয়ার জন্য ঠাকুরনগর স্টেশনে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে বড়া বকুলতলা এলাকায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুলির শব্দ ও তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় আশুতোষবাবুকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে কলকাতায় স্থানান্তরিত করা হয়।
পরিবার এখনও নিশ্চিত নয় কে বা কারা এবং কী কারণে আশুতোষ বিশ্বাসের উপর হামলা চালিয়েছে। খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় এবং ঘটনার তদন্ত শুরু করে।
এই ঘটনায় স্তম্ভিত স্থানীয় বিজেপি নেতৃত্ব। ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশায় গেরুয়া শিবির। তাঁরা পুলিশের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অন্যদিকে, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তাঁরাও পুলিশের কাছে দ্রুত তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে, হামলার Motive বা কারা এর পিছনে জড়িত, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।