‘বাহুবলী’র পর নেই হিট সিনেমা,আসছে প্রভাসের ‘সালার’, জানা গেল মুক্তির তারিখ

ভারতের তেলেগু সিনেমার সুপারস্টার প্রভাস। দীর্ঘ দিন ধরেই দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। তবে ‘বাহুবলী’ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক খ্যাতি লাভ করেন। এখন প্রভাসের সিনেমা মানেই বিশাল বাজেট, বড় আয়োজন আর দর্শকদের তীব্র আকাঙ্খা।
এই সিনে তারকার নতুন সিনেমা ‘সালার’। নির্মাণ করেছেন ‘কেজিএফ’ খ্যাত প্রশান্ত নীল। বহুল আলোচিত সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে।

সোমবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ‘সালার’-এর একটি নতুন পোস্টার প্রকাশ করা হয়েছে। যেখানে বিধ্বংসী রূপে দেখা দিয়েছেন প্রভাস। সেই সঙ্গে জানানো হয়েছে মুক্তির তারিখ।

অ্যাকশন-থ্রিলার ধাঁচের এই সিনেমায় প্রভাসের সঙ্গে থাকছেন মালায়লাম ইন্ডাস্ট্রির থ্রিলার কিং খ্যাত পৃথ্বীরাজ সুকুমারান। নায়িকা হিসেবে দেখা যাবে শ্রুতি হাসানকে। প্রায় ২০০ কোটি রুপির বাজেটে নির্মিত হচ্ছে সিনেমাটি।

নির্মাতা প্রশান্ত নীলের চতুর্থ সিনেমা ‘সালার’। এর আগে তিনি দুই খণ্ডের ‘কেজিএফ’ নির্মাণ করে ব্যাপক সাড়া পেয়েছেন। বিশেষ করে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক তৈরি করেছে। এবার প্রভাসকে নতুন আঙ্গিকে উপস্থাপন করতে চলেছেন নির্মাতা। দর্শক ও সিনেমা বিশ্লেষকদের ধারণা, ‘সালার’ বক্স অফিসে ঝড় তুলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *