Recipe: লাউ পাতায় মোড়া চিংড়ি ভাপা, শিখেনিন বাঙালির প্রিয় এই রান্নার পদ্ধতি

শীত বিদায় নিয়েছে, আর গরমের আগমন জানান দিচ্ছে চারপাশের আবহাওয়া। এই সময় বাজারে নানান সবজি ও মাছ পাওয়া গেলেও, অনেক সময়ই খাবারে সেই আগের মতো তৃপ্তি আসে না। রান্না যতই সুস্বাদু হোক না কেন, খেতে বসে মনে হয় যেন কিছু একটা missing! তবে চিন্তা নেই, গরমের এই সময়ে আপনার রসনাতৃপ্তির জন্য একটি অসাধারণ পদ নিয়ে এসেছি আমরা—লাউপাতায় বাগদা ভাপা। বাজারে ঢুঁ মারলে যদি টাটকা লাউপাতা আর বাগদা চিংড়ি চোখে পড়ে, তাহলে আর দেরি না করে কিনে ফেলুন। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করা যাবে এই সুস্বাদু পদ, যা এক থালা ভাত নিমেষে শেষ করে দিতে যথেষ্ট।

উপকরণ:

বাগদা চিংড়ি – ২৫০ গ্রাম
লাউ পাতা – প্রয়োজন মতো
পোস্ত – ২ টেবিল চামচ
কালো সর্ষে – ১ চা চামচ
কাঁচালঙ্কা – ৫টি (স্বাদ অনুযায়ী)
রসুন বাটা – ২ চা চামচ
টমেটো কুচি – ১টি
হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ
লেবুর রস – ১ চা চামচ
নুন – স্বাদ মতো
মিষ্টি – স্বাদ মতো (ঐচ্ছিক)
তেল – ১ চা চামচ

প্রণালী:

১. প্রথমে বাগদা চিংড়ি ভালো করে ধুয়ে নিন। এরপর তাতে সামান্য নুন ও হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিন।
২. লাউ পাতাগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন।
3. একটি পাত্রে পোস্ত, কালো সর্ষে, কাঁচালঙ্কা (পরিমাণ মতো), রসুন বাটা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লেবুর রস এবং স্বাদ অনুযায়ী নুন ও মিষ্টি (যদি পছন্দ করেন) একসাথে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন।
4. এবার একটি লাউ পাতা নিন এবং তার মাঝখানে নুন হলুদ মাখানো চিংড়ি মাছের সাথে তৈরি করা মশলার মিশ্রণটি দিন।
5. লাউ পাতা দিয়ে চিংড়ি মাছটিকে ভালো করে মুড়ে নিন, যাতে মশলা বাইরে বেরিয়ে না যায়। প্রয়োজনে সুতো দিয়ে হালকা করে বাঁধতে পারেন।
6. একটি পাত্রে জল ফুটিয়ে নিন। জলের উপর একটি ছিদ্রযুক্ত থালা বা স্টিমার বসান।
7. মুড়ে রাখা চিংড়ি মাছ ভর্তি লাউ পাতাগুলি সাবধানে থালার উপর সাজিয়ে দিন।
8. পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে ১০-১৫ মিনিট ভাপিয়ে নিন, যতক্ষণ না চিংড়ি সেদ্ধ হয়ে যায় এবং লাউ পাতা নরম হয়।
9. চিংড়ি সেদ্ধ হয়ে গেলে এবং লাউ পাতা নরম হলে পাত্রটি নামিয়ে নিন। গরম গরম ভাতের সাথে লাউপাতায় বাগদা ভাপা পরিবেশন করুন।

গরমের দুপুরে লাউপাতায় বাগদা ভাপার এই হালকা অথচ সুস্বাদু পদটি আপনার মুখের রুচি ফেরাতে এবং পেট ভরে ভাত খেতে সাহায্য করবে। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করা যায় এই পদ। তাই আর দেরি না করে, বাজার থেকে লাউপাতা ও বাগদা চিংড়ি কিনে আজই বানিয়ে ফেলুন এই লোভনীয় রান্না।