শেয়ার বাজারে ধস! “এটা ধনী হওয়ার সময়”- বললেন ডোনাল্ড ট্রাম্প

ট্যারিফ যুদ্ধের আগুন জ্বালালেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের একাধিক দেশের পণ্যের উপর শুল্ক চাপিয়ে কড়া বার্তা দিচ্ছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। যদিও বেশিরভাগ দেশ এখনও প্রতিক্রিয়ায় সংযত, কিন্তু চিন মুখ বুঁজে মেনে নিচ্ছে না আমেরিকার এই দাদাগিরি। ট্রাম্প প্রশাসন চিনা পণ্যের উপর ৩৪ শতাংশ ট্যারিফ চাপাতেই, পাল্টা একই মাত্রার শুল্ক বসাল বেজিং। আর এই জবাবকে ট্রাম্প বলছেন, “চিন আতঙ্কে ভুগছে।”
ট্রাম্প কার্যত বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ শুরু করে দিয়েছেন বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকেরা। ভারত, চিন, পাকিস্তান, ইংল্যান্ড, এমনকি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির পণ্যের উপর একের পর এক শুল্ক চাপানো হয়েছে। চিন যখন পাল্টা জবাব দিল, তখন ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যালে’ লিখলেন,“চিন ভুল করেছে। ওরা আতঙ্কে রয়েছে, এই চাপ তারা সামলাতে পারবে না।”
ট্রাম্পের ঘোষণার পরই মার্কিন শেয়ার বাজার ওয়াল স্ট্রিট-এ দেখা দেয় রক্তক্ষয়ী পতন। টানা দুই দিন ধরে স্টক মার্কেটে ধস নামায় লক্ষ লক্ষ ডলার উধাও হয়ে গিয়েছে বিনিয়োগকারীদের পোর্টফোলিও থেকে। শুধু আমেরিকা নয়, চিন, জাপান, এমনকি ভারতের শেয়ার বাজারেও এর প্রভাব পড়েছে।
নিজের সিদ্ধান্তকে একচুলও ভুল বলতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। তাঁর যুক্তি,“এটা ধনী হওয়ার সময়, এবং ধনী থেকে আরও ধনী হওয়ার উপযুক্ত সুযোগ।”
তিনি আরও দাবি করেন, তাঁর ট্যারিফ নীতির কারণে বিদেশি সংস্থাগুলি এখন আমেরিকাতেই কারখানা তৈরি করবে, রফতানির বদলে আমদানি কমবে, এবং তাতে মার্কিন অর্থনীতি আরও শক্তিশালী হবে।