কলকাতায় রামনবমীর মেগা মিছিল, ৪৩-টি স্থান থেকে বের হবে শোভাযাত্রা, রইল সময়সূচী !

রবিবার শহর কলকাতায় একযোগে ৪৩টি গুরুত্বপূর্ণ স্থান থেকে বের হতে চলেছে রামনবমীর বিশাল মিছিল। বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের উদ্যোগে এই শোভাযাত্রাগুলি অনুষ্ঠিত হবে। এর মধ্যে যেমন বিশ্ব হিন্দু পরিষদের আয়োজিত মিছিল রয়েছে, তেমনই ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-ও একাধিক মিছিলের আয়োজন করেছে। রবিবার সকাল এবং বিকেল মিলিয়ে বিভিন্ন সময়ে এই মিছিলগুলি শুরু হবে।

রবিবার সকাল ৯টায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সামনে থেকে একটি মিছিলের নেতৃত্ব দেবেন, যা রায় স্ট্রিট পর্যন্ত যাবে। এছাড়াও, ইএম বাইপাস সংলগ্ন অভিষিক্তার সামনে থেকে সন্ধ্যা ৬টায় আরেকটি মিছিল শুরু হবে এবং সেটি কসবা অ্যাক্রপলিস মল পর্যন্ত পরিক্রমা করবে।

বিকেলে উত্তর কলকাতায় একাধিক রামনবমী মিছিল বের হবে। বরানগর থেকে একটি মিছিল কাশিপুর অভিমুখে যাত্রা করবে। একইভাবে, আরিয়াদহ থেকে ডানলপ পর্যন্ত একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। পাইকপাড়া থেকে নর্দান পার্ক পর্যন্তও মিছিলের আয়োজন করা হয়েছে। শহরের কেন্দ্রস্থলে রামলীলা ময়দান, শিয়ালদহ এবং নিউমার্কেট এলাকা থেকে যে মিছিলগুলি বের হবে, সেগুলি এন্টালি এবং চৌরঙ্গী পর্যন্ত বিস্তৃত হবে। এই মিছিলগুলি রবিবার বিকেল ৫টা এবং সন্ধ্যা ৬টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে।

কলকাতার পশ্চিমাংশে মালাপাড়া থেকে একটি রামনবমী মিছিল শুরু হবে, যার গন্তব্য নিমতলা শ্মশানঘাট। উল্টোডাঙ্গা থেকেও একটি মিছিল বের হয়ে বেলেঘাটায় শেষ হবে। সল্টলেকের নিউ টাউনের সিভি ব্লক থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে সল্টলেকের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সংলগ্ন ২ নম্বর ট্যাংকের সামনে গিয়ে শেষ হবে।

এছাড়াও, সুকান্ত নগর, হাতিয়ারা লোকনাথ নগর, হরিচাঁদ নগর, রাজেশ্বরী নগর এবং দমদম বালাজি মন্দিরের সামনে থেকেও রামনবমীর মিছিল বের হবে। দমদম বালাজি মন্দিরের পাশাপাশি ফতেপুর, মুদিয়ালি, আখরা ফটক এলাকা, রাজাবাগান, সন্তোষপুর, খিদিরপুর, হেস্টিংস এবং মেটিয়া বুরুজ থেকেও মিছিলের আয়োজন করা হয়েছে। ব্যানার্জি হাট, আর্য বিদ্যামন্দির (ভবানীপুর), বেহালা, অক্সিটাউন, করুণাময়ী এবং ঠাকুরপুকুর থানার সামনে থেকেও রামনবমীর মিছিল বের হবে। সব মিলিয়ে রবিবার কলকাতার ৪৩টি গুরুত্বপূর্ণ স্থান রামনবমীর মিছিলে মুখরিত থাকবে।