“৬০ বছর বয়স পর্যন্ত কাজের অধিকার রয়েছে”-শিক্ষামিত্রদের নিয়ে বড় নির্দেশ দিলো হাইকোর্ট

শিক্ষামিত্রদের নিয়ে রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শুক্রবার বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখলেন বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। আদালত স্পষ্ট জানিয়েছে, শিক্ষামিত্রদের ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করার অধিকার রয়েছে।

উল্লেখ্য, ২০০৪ সালে সর্বশিক্ষা অভিযানের অধীনে শিক্ষামিত্র নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। মূলত পিছিয়ে পড়া এবং স্কুলছুট ছাত্রছাত্রীদের শিক্ষাদানের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁদের। শিক্ষামিত্ররা মাসিক ২৪০০ টাকা ভাতা পেতেন। তবে, ২০১৩ সাল থেকে রাজ্য সরকার শিক্ষামিত্রদের পদ পরিবর্তন করে তাঁদের স্বেচ্ছাসেবক হিসেবে অভিহিত করে।

এরপর ২০১৪ সালের এপ্রিল মাস থেকে শিক্ষামিত্রদের ভাতা বন্ধ করে দেওয়া হয় এবং ৬০ বছর বয়সের আগেই তাঁদের চাকরি থেকে অবসরের কথা জানানো হয়। রাজ্যের এই পদক্ষেপের বিরুদ্ধে শিক্ষামিত্ররা অভিযোগ জানিয়ে মামলা দায়ের করেন।

গত বছর অর্থাৎ ২০২৩ সালের ২৬ এপ্রিল বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর সিঙ্গেল বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে দেয়। একইসঙ্গে বকেয়া বেতন মিটিয়ে সকল শিক্ষামিত্রকে কাজে ফেরানোর নির্দেশ দিয়েছিল আদালত। সিঙ্গেল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আপিল করে রাজ্য সরকার। এদিন সেই আবেদনও খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ।

ডিভিশন বেঞ্চ তাদের রায়ে স্পষ্ট জানিয়েছে, শিক্ষামিত্ররা তাঁদের ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবেন। পাশাপাশি, রাজ্য সরকারকে তাঁদের আটকে থাকা বেতনও ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্টের এই রায় শিক্ষামিত্রদের জন্য বড় জয় হিসেবে বিবেচিত হচ্ছে।