বঙ্গভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন বিজেপির! আটক সুকান্ত সহ বেশ কয়েকজন নেতা

পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ তুলে ফের সরব হল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সাম্প্রতিক মোথাবাড়ির ঘটনাকে কেন্দ্র করে বিজেপি আজ দিল্লিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই প্রতিবাদে অংশ নেন দলের একাধিক সাংসদ ও নেতাকর্মীরা।
বিক্ষোভ চলাকালীন পুলিশ সুকান্ত মজুমদার সহ বেশ কয়েকজন বিজেপি নেতাকে আটক করে এবং তাদের বাসে তুলে থানায় নিয়ে যায়। বিক্ষোভকারীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং মোথাবাড়ির ঘটনার প্রতিবাদে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সুকান্ত মজুমদারের হাতে ‘মমতা ব্যানার্জি গদি ছাড়ো’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
বঙ্গভবনের সামনে বিক্ষোভের আগে এদিন দিল্লিতে চাকরি বাতিল কাণ্ডেও সরব হয় বিজেপি। শুক্রবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে মমতা সরকারের তীব্র সমালোচনা করেন সম্বিত পাত্র ও সুকান্ত মজুমদার। বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র এবং বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যৌথভাবে মুখ্যমন্ত্রীর তহবিল থেকে চাকরিহারা যোগ্য প্রার্থীদের বেতন দেওয়ার দাবি তোলেন।
এদিন সুকান্ত মজুমদার বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেই বহু শিক্ষকের চাকরি বাঁচাতে পারতেন। আমার প্রথম চাকরি স্কুল সার্ভিস কমিশন দিয়েই হয়েছিল। আমার স্ত্রী এখনও শিক্ষকতা করেন। বাংলায় বরাবর শিক্ষকদের সম্মান জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের টপার, গোল্ড মেডেলিস্টরা আজ চোখের জল ফেলছেন। এর জন্য সম্পূর্ণভাবে দায়ী মমতা ব্যানার্জি।” হরিয়ানার ও পি চৌতেলার পর শিক্ষক নিয়োগ দুর্নীতির দায়ে মমতা ব্যানার্জি দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে জেলে যাবেন বলেও ভবিষ্যদ্বাণী করেন সুকান্ত।
অন্যদিকে, সম্বিত পাত্রের মন্তব্য, মমতা ব্যানার্জির আর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। যদি তার সামান্যতম দায়িত্ববোধও থাকে, তাহলে অবিলম্বে তার ইস্তফা দেওয়া উচিত। তিনি আরও বলেন, “উনি (মমতা ব্যানার্জি) জেলে যাবেনই, এটা নিশ্চিত।” সম্বিত পাত্র বাংলায় বিজেপি সরকারের ক্ষমতায় আসা উচিত বলেও মন্তব্য করেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ে রাজ্যের ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। এসএসসি মামলার রায়ে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কমিশন যোগ্য ও অযোগ্যদের তালিকা দিতে ব্যর্থ হওয়ায় কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখে সুপ্রিম কোর্ট। যার ফলে বহু যোগ্য শিক্ষকও তাদের চাকরি হারিয়েছেন। এই পরিস্থিতিতে বিজেপির এই প্রতিবাদ কর্মসূচি রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।