“আর কিছুই বলার নেই” এসএসসি-দুর্নীতিতে মুখ খুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র !

রাজ্যজুড়ে SSC নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় অব্যাহত। প্রায় ২৬ হাজার চাকরিপ্রার্থীর চাকরি হারানোর পর কান্নায় ভেঙে পড়েছেন বহু শিক্ষক-শিক্ষিকা। এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
এদিন একটি প্রথম সারির সংবাদপত্রের প্রথম পাতার বিজ্ঞাপনের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্রীলেখা। ওই বিজ্ঞাপনে লেখা রয়েছে, “স্বাস্থ্য কিংবা শিক্ষা, বাংলা মানে ভরসা।”
এই ছবি শেয়ার করে শ্রীলেখা ক্যাপশনে লেখেন, “আর কিছুই বলার নেই। কুড়ুল আর গাছ দুটোই আমরা সমর্পণ করেছি, আমাদের কাটবে না তা হয় নাকি? এই তো এগিয়ে বাংলা। দয়া করে হাসবেন না এটা দেখে।”
শ্রীলেখার এই পোস্টের পরেই বহু নেটিজেন সেখানে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, “বিপ্লব ছাড়া বিকল্প নেই।” অন্য একজন লেখেন, “পশ্চিমবঙ্গের শ্মশানে আর কিছু যদি হওয়ার থাকে, তা আনতে পারত যারা, তাদের মানুষ সেই কবে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন তো মানুষের সব রেডিমেড টাকা আর অনুদান তহবিল সংগ্রহ করেই বেঁচে থাকা, অন্তত এই পশ্চিমবঙ্গ রাজ্যে।”
উল্লেখ্য, সম্প্রতি সুপ্রিম কোর্ট ২০১৬ সালের SSC-র পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে, যার ফলে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি গিয়েছে। কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রেখেছে শীর্ষ আদালত। যোগ্য ও অযোগ্যদের কেন চিহ্নিত করা গেল না, সেই প্রশ্নও উঠেছে বিভিন্ন মহলে। এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই।
প্যানেল বাতিল হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “যাঁরা বঞ্চিত হয়েছেন তাঁরা একটা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য। শিক্ষামন্ত্রীকে তাঁরা অনুরোধ করেছেন। সকলে মিলে একটা সভা করতে চান। আমি যদি সেখানে থাকি, মুখ্যসচিব, আইনজীবীরাও থাকবেন। আমি তাঁদের কথায় সাড়া দিয়ে আগামী ৭ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাব। শুনতে কোনও আপত্তি নেই।”
শ্রীলেখার এই মন্তব্য এবং নেটিজেনদের প্রতিক্রিয়া SSC কাণ্ডের গভীরতা এবং মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলেই মনে করছেন অনেকে।