বাড়ির পাশে বসে করছিলেন নেশা! বেলঘরিয়ায় খুন TMC-কর্মী, চাঞ্চল্য ঘটনায়

জগদ্দল গুলি কাণ্ডে বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরই উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। বুধবার সাত সকালে কামারহাটি পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বেলঘরিয়া রাজীব নগর এলাকায় উদ্ধার হল এক তৃণমূল কর্মীর মৃতদেহ। নিহত যুবকের নাম রেহান এনায়তুল্লা (আনুমানিক ৩০-৩৫ বছর)।

পুলিশের প্রাথমিক অনুমান, মঙ্গলবার রাতে বাড়ির পাশে নেশা করার সময় পিছন থেকে বন্দুক চালিয়ে রেহানকে হত্যা করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, রেহানকে লক্ষ্য করে কয়েকজন দুষ্কৃতী বন্দুক বের করে হামলা চালালে তার ঘাড়ে গুলি লাগে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি এবং রাতভর সেখানেই তাঁর দেহ পড়ে ছিল।

বুধবার সকালে এলাকাবাসীরা রেহানের দেহ রাস্তায় পড়ে থাকতে দেখে সাগরদত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলের কাছেই তৃণমূলের একটি কার্যালয় রয়েছে।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (নর্থ) অনুপম সিং সহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডিসি (নর্থ) অনুপম সিং সাংবাদিকদের জানান, “একটা হামলা চালানোর ঘটনা ঘটেছে। কিন্তু কী কারণে বা কারা ঘটিয়েছে, তা এখনও তদন্তের বিষয়।” তিনি আরও জানান, নিহত ব্যক্তি প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে এবং ঘটনাস্থল থেকে একটি নেশার বোতল উদ্ধার হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, মঙ্গলবার রাত সাড়ে এগারোটা থেকে বুধবার ভোর পাঁচটার মধ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যবসা সংক্রান্ত কোনও গোলমালের জেরেই এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। তবে এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। অর্জুন সিংয়ের গ্রেফতারি পরোয়ানা জারির পরই তৃণমূল কর্মীর এই রহস্যমৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

পুলিশ সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে এবং খুব শীঘ্রই এই খুনের রহস্য উন্মোচন করা সম্ভব হবে বলে আশা রাখছে।