আলিয়ার সঙ্গে তুলনা করায় বিরক্ত ‘শালিনী পান্ডে, বক্স অফিসে ঘুরে দাঁড়াচ্ছে ‘সিকান্দর’? ফের একসঙ্গে কার্তিক-করণ

‘অর্জুন রেড্ডি’ এবং জুনেইদ খান অভিনীত ‘মহারাজ’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কেড়েছেন শালিনী পান্ডে। তবে অভিনেত্রীকে প্রায়শই আলিয়া ভাটের সঙ্গে তুলনা করা হয়, বিশেষত তাদের চেহারার ও কণ্ঠস্বরের মিল থাকার কারণে। এই প্রসঙ্গে শালিনী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “আমি আলিয়াকে খুব পছন্দ করি এবং তিনি একজন অসাধারণ অভিনেত্রী। কিন্তু আমি চাই না আমাকে তাঁর সঙ্গে তুলনা করা হোক। আলিয়া অনেক বড় মাপের শিল্পী এবং মানুষ হিসেবেও দারুণ, তবে আমি নিজস্ব পরিচয়ে পরিচিত হতে চাই। মানুষ আমাকে শালিনী হিসেবেই চিনুক, অন্য কারও ছায়া যেন না পড়ে।” তিনি আরও বলেন, “প্রথম দিকে এই তুলনাগুলো কিছুটা অস্বস্তি দিত, কারণ আমি চাই দর্শক আমাকে আমার কাজ ও স্বতন্ত্র পরিচয়ের জন্য মনে রাখুক।”

অন্যদিকে, সলমন খানের বহু প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ‘সিকান্দর’ গত ৩০ মার্চ ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে। মুক্তির পর ছবিটি দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া লাভ করেছে। যদিও প্রথম সোমবার ব্যবসার সামান্য উন্নতি দেখা গিয়েছিল, তবে ঈদের ছুটি শেষ হতেই ছবির আয় ফের কমে যায়। প্রথম দিনে ₹২১.৯৬ কোটি আয় করলেও, ঈদের দ্বিতীয় দিনে ব্যবসা বেড়ে ₹২৯ কোটিতে পৌঁছায়। তবে তৃতীয় দিনে (মঙ্গলবার) ছবির আয় ফের কমে ₹১৭.৮১ কোটিতে নেমে আসে। তিন দিনের মোট আয় ₹৭২.৮১ কোটি এবং বিশ্বব্যাপী সংগ্রহ এখন ₹৯৫ কোটি। বক্স অফিস বিশেষজ্ঞদের মতে, ঈদ রিলিজ হওয়া সত্ত্বেও ‘সিকান্দর’ এখনও সলমনের আগের ব্লকবাস্টারগুলির মতো প্রভাব ফেলতে পারেনি।

তবে বলিউডে ফের একটি নতুন জুটির খবর শোনা যাচ্ছে। জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান এবং খ্যাতনামা প্রযোজক-পরিচালক করণ জোহর আবারও একসঙ্গে কাজ করতে চলেছেন। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে তারা ‘তু মেরি মেইন তেরা, মেইন তেরা তু মেরি’ নামে একটি রোম্যান্টিক কমেডি সিনেমার ঘোষণা করেছিলেন। ছবিটি পরিচালনা করবেন সমীর বিদ্বানস এবং প্রযোজনা করবে নামাহ পিকচার্স। শোনা যাচ্ছে, এই ছবিতে কার্তিকের বিপরীতে দেখা যাবে অনন্যা পাণ্ডেকে। তবে এখানেই শেষ নয়, নতুন সূত্র মারফত জানা যাচ্ছে, কার্তিক ও করণ আরও একটি বড় মাপের প্রজেক্টের পরিকল্পনা করছেন। ‘ফুকরে’ খ্যাত পরিচালক মৃগদীপ সিং লাম্বা এই ছবির পরিচালনার দায়িত্বে থাকবেন। সূত্র আরও জানিয়েছে, এই ছবির চিত্রনাট্য দীর্ঘদিন ধরে তৈরি করা হচ্ছিল এবং করণ জোহর স্ক্রিপ্ট শোনা মাত্রই ছবিটি প্রযোজনা করতে রাজি হয়েছেন। এই নতুন প্রজেক্টটি নিয়ে বলিপাড়ায় ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।