অবশেষে বহু প্রতীক্ষার অবসান! বাংলা সিনেমায় দেখা যাবে জিৎ-দেব জুটি! নায়িকা শুভশ্রী?

অবশেষে বহু প্রতীক্ষার অবসান! বহুদিন ধরেই বাঙালি দর্শক ইচ্ছা প্রকাশ করছিলেন দেব ও জিৎকে একসঙ্গে এক সিনেমাতে দেখতে, এবং এবার সেটি বাস্তবে হতে চলেছে! হিন্দিতে শাহরুখ-সলমনের রিউনিয়ন দেখার পর বাঙালি দর্শকদের এই ইচ্ছেটা বহুগুণে বেড়ে গিয়েছিল। দুজনেই জানিয়েছিলেন, একসঙ্গে কাজ করতে প্রস্তুত—কেবল ভালো স্ক্রিপ্টের প্রয়োজন ছিল।
আর সেই স্ক্রিপ্টই মিলেছে! বাংলার দুই সুপারস্টার দেব ও জিৎ সাইনও করে ফেলেছেন, আর এই অসাধ্য সাধন করেছেন রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তী দিওয়ার-এর রিমেক তৈরি করছেন, যেখানে দেব ও জিৎ প্রধান চরিত্রে থাকছেন।
বলিউডের আইকনিক সিনেমা দিওয়ার মুক্তি পেয়েছিল ১৯৭৫ সালে, যেখানে অমিতাভ বচ্চন ও শশী কাপুর অভিনয় করেছিলেন। তবে এবার খবর এসেছে, অমিতাভ বচ্চনের চরিত্রে থাকবেন জিৎ, আর শশী কাপুরের চরিত্রে দেব।
এমনকি শুধু অভিনয়ই নয়, ছবির প্রযোজনাও যৌথভাবে করছেন দেব ও রাজ। সহ-প্রযোজক হিসেবে থাকছেন রাজ চক্রবর্তীর নিজেও।
এবার প্রশ্ন উঠে আসতে পারে, নায়িকা কারা? পরভিন বাবির চরিত্রে শুভশ্রী, আর নীতু সিংহের চরিত্রে কৌশানি! অর্থাৎ, দেবের সঙ্গে শুভশ্রীর কামব্যাক হবে না। শুভশ্রীর হিরো এবার জিৎ, আর কৌশানির হিরো দেব! কিন্তু প্রশ্ন উঠছে, রাজ কি কখনো শুভশ্রীকে দেবের নায়িকা বানাবেন? মানে, নিজের বউকে, প্রাক্তনের সাথে…?
তবে, যারা এতক্ষণ চমকে গিয়েছেন, তাঁদের জানিয়ে রাখি—এটা ছিল একটি ছোট্ট এপ্রিল ফুল! আজকের দিনে একটু মস্করা না করলে কি চলে?
কিছুদিন আগে রাজ চক্রবর্তী বলেছিলেন, “তাঁর মতো কেউ জিৎ ও দেবকে একসঙ্গে নিয়ে ছবি বানাতে পারবে না।” তবে, যদি এমন কিছু ঘটে, তা হলে খুব একটা মন্দ হবে না, তাই না?