পিছু ছাড়ছে না ‘অমঙ্গল’! মঙ্গলবার বাজার খুলতেই ধপাস করে পড়ল সেনসেক্স

মঙ্গলবার বাজার খুলতেই একধাক্কায় পড়ে গেল সেনসেক্স। বিশেষজ্ঞরা আগেই এ পতনের পূর্বাভাস দিয়েছিলেন। ইদের ছুটি শেষে, মঙ্গলবার দালাল স্ট্রিটে হাঁটাচলা বাড়তেই শেয়ার বাজারে দেখা দিল বড় ধরনের পতন।

দুপুর ১২টা পর্যন্ত সেনসেক্স ৭৭ হাজার ৩৪৮ পয়েন্ট থেকে ১ হাজার ১৭৫ পয়েন্ট পড়ে ৭৬ হাজার ১০৪ পয়েন্টে চলে আসে। একইভাবে নিফটি ৫০-ও পড়ে যায়। দুপুর ১২টা পর্যন্ত নিফটির পতন হয়েছে ৩২৪ পয়েন্ট। বাজার খুলে থেকেই সবচেয়ে বেশি ধুঁকতে শুরু করেছে তথ্য প্রযুক্তি সেক্টরের শেয়ারগুলো। নিফটি আইটি (Nifty IT) ইনডেক্সের সাথে সামঞ্জস্য রেখে ইনফোসিস এবং টাটা কনসালটেন্সি সার্ভিসের শেয়ারের দাম ২ শতাংশের বেশি কমে গেছে।

ভারতের শেয়ার বাজারের উপর এক নতুন চাপ তৈরি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ট্যারিফ ফাঁড়া’। এতদিন কানাডা, চিনের মতো দেশগুলিকে যেভাবে শুল্কের ভয় দেখানো হয়েছিল, এখন সেই একই ভয় ভারতকেও দেখানো হচ্ছে। আগেই ট্রাম্প জানিয়েছিলেন, ভারত যদি মার্কিন পণ্যে শুল্ক চাপায়, তাহলে আমেরিকা ঠিক ততটাই শুল্ক চাপাবে ভারতীয় পণ্যের উপর।

এভাবে শুল্ক যুদ্ধ চলতে থাকলে, এই সমস্যা সমাধানের একমাত্র উপায় ছিল ‘পারস্পারিক শুল্ক’ চুক্তি। তবে এখনও ওই চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ভারত ও আমেরিকা। ভারত চেষ্টা করলেও, কতটা শুল্ক কমানো হবে, সে বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। তবে ট্রাম্প সম্প্রতি জানিয়ে দিয়েছেন, এপ্রিল মাসের ২ তারিখ থেকে ভারতের উপর সমান তালে শুল্ক চাপানো হবে। এর একদিন আগেই অর্থাৎ ১ তারিখ বাজারে পতন দেখা যায়।