যৌন ক্ষমতা বৃদ্ধি করার ওষুধ ঘিরে বাড়ছে সন্দেহ, কলকাতার ল্যাবরেটরিতে চলছে পরীক্ষা

ভিনরাজ্য থেকে কলকাতায় আনা একটি যৌন ক্ষমতাবর্ধক ওষুধ মান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। ড্রাগ কন্ট্রোল বোর্ডের সন্দেহের তালিকায় এবার রয়েছে এই আয়ুর্বেদিক ক্যাপসুল। ইতিমধ্যে সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে এবং কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতে পরীক্ষা চলছে।

ওষুধটির দুটি ব্যাচ নম্বর – EAHC24021 এবং EAHC24020, খতিয়ে দেখছেন ড্রাগ কন্ট্রোল বোর্ডের ইন্সপেক্টররা। এই আয়ুর্বেদিক ক্যাপসুল গুজরাটের আহমেদাবাদের কাঠওয়াড়া এলাকায় তৈরি হয়েছে। বাংলার বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধের দোকানেও তল্লাশি চালানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, কিছু কিছু ওষুধ সংস্থা দাবি করে যে তাদের প্রডাক্ট ব্যবহার করলে যৌন ক্ষমতা বাড়ে, তবে বাস্তবে অনেক সময় এই ধরনের ওষুধ কাজ করে না। কিছু ক্ষেত্রে মানসিক সমস্যার কারণেও এমনটা হতে পারে বলে চিকিৎসকরা মন্তব্য করেছেন।

এছাড়া, ফিনাইলের কয়েকশ বাক্সও বাজেয়াপ্ত করা হয়েছে, যার মধ্যে জীবাণুমুক্ত করার উপাদান ছিল না। এই ফিনাইলের নির্মাণ কারখানাটি ওড়িশার ঝাড়সুখদা জেলার বেঙ্গলি পাড়ায় অবস্থিত। ড্রাগ কন্ট্রোল বোর্ড বর্তমানে তদন্ত করছে, কোথায় কোথায় এই ফিনাইল বিক্রি হচ্ছে।