শুরু হল ‘লাখ টাকার লক্ষ্মী লাভ-সিজন 2’! দ্বিতীয় সিজনে থাকছে একাধিক চমক, দেরি না করে ঝটপট পড়ুন

একদিনও সময় নষ্ট না করে, সিজন ওয়ান শেষ হওয়ার পরদিন থেকেই শুরু হয়ে গেল জনপ্রিয় গেম শো ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’-এর সিজন 2। এই নতুন সিজনে দর্শকদের জন্য আরও বেশি মজা এবং চমক অপেক্ষা করছে। সিজন 2-এর আনুষ্ঠানিক ঘোষণাপর্বে এমনটাই জানিয়েছেন শো-এর সঞ্চালক সুদীপ্তা চক্রবর্তী এবং প্রযোজক-পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়।
এবারের সিজনে খেলাটির পুরস্কারের পরিমাণ বেড়ে গেছে। পূর্বে যেসব রাউন্ডে 1 হাজার টাকা দেওয়া হত, এখন সেই রাউন্ডগুলোতে লক্ষ্মীরা পাবেন 4 হাজার, 5 হাজার এমনকি 7 হাজার টাকা। এর পাশাপাশি, বিজয়ীর প্রাপ্য মূল্যও বেড়ে গেছে। 31 মার্চ সিজন 2-এর গ্র্যান্ড ওপেনিং-এ উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যিনি তাঁর নাচের মাধ্যমে অনুষ্ঠানে মন মাতিয়ে দেন।
গ্র্যান্ড ওপেনিং-এ শো-এর সঞ্চালক সুদীপ্তা চক্রবর্তী বলেন, “এবারের খেলাগুলোতেও দারুণ চমক আছে সবার জন্য। তবে, কঠিন নয় একটাও। যারা খেলতে আসে তাদের জীবনের গল্পগুলো শুনলে শিউরে উঠতে হয়। চোখে অনেক স্বপ্ন নিয়ে ওরা খেলতে আসেন। কেউ সন্তানের জন্য টাকা জমাতে চায়, কেউ বাড়ির চাল ঠিক করবে বলে ঠিক করেছে, কেউ বা মাটির বাড়িতে লাইব্রেরি বানিয়েছে, কিন্তু বাড়িটা ভেঙে বইগুলো উঠোনে পড়ে আছে। এসব গল্প আমাদের সত্যিকারের জীবনের চেয়ে অনেক বেশি প্রেরণাদায়ক।“
এছাড়া, সিজন 2-এর অডিশনে দর্শকদের ব্যাপক সাড়া মিলেছে বলে জানান পরিচালক-প্রযোজক শুভঙ্কর চট্টোপাধ্যায়। তিনি বলেন, “এটা তো নিছকই কোনো গেম শো নয়, এটা মানুষের উপকারের কথাও ভাবছে। যারা জিতেছেন, তারা তো টাকা পেয়েছেন, তবে ভবিষ্যতেও তাদের জন্য পুরস্কার থাকবে। আর যারা জিততে পারেনি, তাদেরও খালি হাতে ফিরে যেতে হবে না। তাদের জন্য রয়েছে লক্ষ্মী ব্যাঙ্ক, যাতে তারা তাদের প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন।”
‘লাখ টাকার লক্ষ্মী লাভ’ শো মানুষের জীবনযুদ্ধের গল্প এবং তাদের জন্য একটি বড় সুযোগ তৈরি করে দেয়। সিজন 2-এ আরও বড় পুরস্কার এবং চমক অপেক্ষা করছে, যা দর্শকদের আরো আকর্ষণ করবে।