OMG! চলন্ত স্কুলবাসের খুলে গেল চাকা, আতঙ্কে চিৎকারপড়ুয়াদের, ঘটনায় বাঁধলো হুলুস্থুল কান্ড

মঙ্গলবার সাতসকালে ভয়ঙ্কর কাণ্ড ঘটল শিলিগুড়ি শহরে। জলপাইমোড়ে একটি চলন্ত স্কুলবাসের চাকা খুলে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বাসটিতে প্রায় ২০ জন পড়ুয়া ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসের গতি কম থাকায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শিশুরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে অন্যান্য দিনের মতোই পড়ুয়াদের নিয়ে স্কুলে যাচ্ছিল বেসরকারি স্কুলটির বাসটি। জলপাইমোড়ে পৌঁছানোর পর আচমকাই বাসের পেছনের চারটি চাকা খুলে যায় এবং চাকা ছাড়াই চলতে থাকে বাসটি। এই অপ্রত্যাশিত ঘটনায় বাসের ভেতরে থাকা প্রায় কুড়ি জন ছাত্রছাত্রী ভয়ে চিৎকার শুরু করে দেয়। তবে চালক দ্রুততার সঙ্গে পরিস্থিতি সামাল দেন এবং কোনওরকমে বাসটিকে রাস্তার পাশে দাঁড় করাতে সক্ষম হন।

চাকা খুলে যাওয়ার ঘটনায় জলপাইমোড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে বাসের ভেতরে থাকা পড়ুয়াদের উদ্ধার করে নিচে নামিয়ে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশ বাসটিকে আটক করে থানায় নিয়ে যায়। যদিও এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। পরে স্কুল কর্তৃপক্ষ অন্য একটি বাসের ব্যবস্থা করে পড়ুয়াদের স্কুলে পাঠানোর উদ্যোগ নেয়।

এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি অভিভাবকদের একাংশও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, বাসের ফিটনেস এবং রক্ষণাবেক্ষণ ঠিকঠাক না থাকার কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। বাচ্চাদের জীবন এভাবে ঝুঁকির মুখে ফেলায় তাঁরা অসন্তোষ প্রকাশ করেছেন এবং স্কুল কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেছেন।

শিলিগুড়ি থানা এবং মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। বাসের রক্ষণাবেক্ষণে কোনও ত্রুটি ছিল কিনা এবং দুর্ঘটনার আসল কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনার পর স্কুলবাসগুলির নিরাপত্তা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।