দিন দিন ভারতে বাড়ছে কোটিপতিদের সংখ্যা, ১ লক্ষ কোটি সম্পদ খোয়ালেন মুকেশ অম্বানি!

গত এক বছরে ভারতের শীর্ষ ধনী মুকেশ অম্বানির সম্পদ থেকে ১ লক্ষ কোটি টাকা কমে গিয়েছে। হুরুন রিসার্চ ইন্সটিটিউট প্রকাশিত ‘হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৫’-এর তথ্য অনুযায়ী, ১৩ শতাংশ সম্পদ হারিয়ে তিনি বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকা থেকে ছিটকে গিয়েছেন। অন্যদিকে, বিশ্বের ধনীতম মহিলাদের তালিকায় প্রথম পাঁচে প্রবেশ করেছেন ভারতের রোশনি নাদের।

হুরুনের রিপোর্ট বলছে, গত ১২ বছরে ভারতের কোটিপতিদের সংখ্যা ক্রমাগত ওঠানামা করেছে।২০২২ সালে করোনা পরবর্তী সময়ে শেয়ারবাজারের উত্থানের ফলে দেশে বিলিয়নেয়ারের সংখ্যা ছিল ২৪৯।২০২৩ সালে বাজার সংশোধনের কারণে এই সংখ্যা কমে দাঁড়ায় ১৮৭-এ।২০২৪ সালে ফের এই সংখ্যা বেড়ে পৌঁছায় ২৭১-এ।

মুকেশ অম্বানির বিশ্ব ধনীদের তালিকায় প্রথম ১০ থেকে বাদ পড়ার মূল কারণ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ঋণের পরিমাণ বৃদ্ধি। ২০২৪ সালের জুলাই মাস থেকে রিলায়েন্সের শেয়ারমূল্য কমতে শুরু করে, যার প্রভাব সরাসরি তার সম্পদের উপর পড়ে। তবুও, তিনি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে জায়গা ধরে রেখেছেন।

হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৫ অনুসারে, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন টেসলা ও স্পেস এক্স-এর সিইও ইলন মাস্ক।
তাঁর মোট সম্পদ: ৪৩৩ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৭ লক্ষ ২০ হাজার কোটি টাকা)।
ফরচুন রিয়েল টাইম বিলিয়নেয়ার তালিকায়: মুকেশ অম্বানি বর্তমানে ১৭তম স্থানে।

ভারতের ধনীদের তালিকায় রদবদল হলেও, বিশ্ব বাজারে এখনও এশিয়ার অন্যতম প্রধান ধনী হিসেবেই রয়ে গেছেন মুকেশ অম্বানি।