প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন”, প্রশ্নপত্র তৈরি করবে পর্ষদ, বড় সিদ্ধান্ত ঘোষণা

প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার থেকে স্কুলের শিক্ষকরা নয়, পর্ষদই তৈরি করবে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির প্রশ্নপত্র। পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, নতুন এই ব্যবস্থা শিক্ষার মান বাড়ানোর জন্য নেওয়া হচ্ছে।

গৌতম পাল জানান, “স্কুলগুলি যদি নিজেরা প্রশ্ন তৈরি করে, তবে মাঝে মাঝে প্রশ্নের মান নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে পর্ষদ রাজ্যের সব স্কুলের জন্য এককভাবে প্রশ্ন তৈরি করলে প্রশ্নের মান নির্দিষ্ট থাকবে এবং পর্ষদ শিক্ষার্থীদের অগ্রগতি জানতেও পারবে।”

এবার থেকে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির জন্য সামেটিভ মূল্যায়ন ব্যবস্থা চালু করা হয়েছে। এর মানে হল, পর্ষদই এই দুই শ্রেণির পরীক্ষার জন্য প্রশ্নপত্র তৈরি করবে এবং সেই প্রশ্নপত্র দিয়েই পরীক্ষা হবে।

বর্তমানে স্কুলে তিনটি সামেটিভ পরীক্ষা নেওয়া হয়। প্রথম পরীক্ষা হবে এপ্রিল মাসের শেষে, দ্বিতীয় পরীক্ষা অগস্টে এবং তৃতীয় বা ফাইনাল পরীক্ষা ডিসেম্বর মাসে। এরই মধ্যে, পর্ষদ নির্দিষ্ট সময়সীমায় প্রশ্নপত্র প্রস্তুত করবে এবং সেই প্রশ্নেই পরীক্ষা নেওয়া হবে।

গৌতম পাল আরও জানান, “এখন থেকে সব স্কুলেই একই দিনে পরীক্ষা হবে, এবং রুটিনও পর্ষদ তৈরি করবে। যদি কোনো এলাকায় স্থানীয় ছুটি হয়, তবে দ্বিতীয় সেটের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে।”

এই সিদ্ধান্তের মাধ্যমে পর্ষদ শিক্ষার্থীদের মূল্যায়ন আরও ভালোভাবে করতে পারবে, এবং তাদের ভিত মজবুত করাও সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।