“এক দা’তে সব কাজ হয়ে যাবে”- মেলা থেকে কাটারি কিনেই অকপট দিলীপ! তোলপাড় রাজনৈতিক মহল

প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আবারও শিরোনামে। এবার কোনও রাজনৈতিক মন্তব্য নয়, তিনি সরাসরি মেলা থেকে কাটারি কিনে নতুন জল্পনার জন্ম দিলেন। কাটারি কেনার কারণ নিয়ে তাঁর রহস্যজনক মন্তব্য আরও কৌতূহল বাড়িয়েছে।
মঙ্গলবার পূর্ব বর্ধমানের কাটোয়া থানার অগ্রদ্বীপ গ্রামে গোপীনাথ মেলায় গিয়েছিলেন দিলীপ ঘোষ। মেলায় ঘুরতে ঘুরতে তিনি হঠাৎ একটি দোকানের সামনে দাঁড়িয়ে কাটারি দেখতে শুরু করেন। কয়েকটি কাটারি হাতে তুলে নিয়ে পরীক্ষা করেন এবং শেষমেশ একটি কিনেও ফেলেন। শুধু তাই নয়, তিনি দোকানদারের ঠিকানা নিয়েছেন এবং জানিয়েছেন, ভবিষ্যতে তাঁর বাড়িতে যাবেন।
তবে এই কাটারি কেনার উদ্দেশ্য কী? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, “অনেক কাজে লাগে। বুঝতে পারবেন যখন কাজ হবে। এক দা’তে সব কাজ হয়ে যাবে।” এই রহস্যময় মন্তব্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
দিলীপ ঘোষের এই কাটারি কেনার ঘটনা নতুন হলেও, তিনি বিতর্কিত মন্তব্যের জন্য বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন।
কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে রাস্তার উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন। সেখানে স্থানীয় মহিলাদের উদ্দেশে তিনি বলেন, “টাকা দিয়েছি, কারও বাপের টাকা নয়। ভিখারি পার্টি নয়। আমি টাকা দিয়ে রাস্তা বানিয়েছি।”
শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াইয়ে বসন্ত উৎসবে নিষেধাজ্ঞা নিয়ে দিলীপ ঘোষ কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন। তিনি বলেন, “কার মাথায় এসেছে যে হোলি খেললে পরিবেশ নষ্ট হয়? তাঁকে উল্টো করে টাঙানো উচিত! নয়তো আমি গিয়ে টাঙাব। এই ধরনের দুর্যোধনরা কলিযুগে আমাদের সংস্কৃতিকে অপবিত্র করছে। তাঁদের প্রকাশ্যে জুতো মারা উচিত।”
দিলীপ ঘোষের এই আচরণে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তিনি সত্যিই কোনও দরকারে কাটারি কিনেছেন, নাকি এর পিছনে কোনও রাজনৈতিক বার্তা লুকিয়ে রয়েছে? তাঁর মন্তব্যের ধরণ দেখে রাজনৈতিক প্রতিপক্ষরা কটাক্ষ করতেও ছাড়ছেন না। তবে দিলীপ ঘোষ বরাবরের মতোই নির্লিপ্ত। তাঁর মতে, “সময় এলে সবাই বুঝতে পারবে।”
এই রহস্যের আসল অর্থ কী, তা এখন সময়ই বলবে!