আপাতত বাতিল ৬০০, রাজ্যে বাতিল হবে প্রায় ১০ হাজার ভোটার কার্ড! কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

নির্বাচনী তালিকায় স্বচ্ছতা আনতে নির্বাচন কমিশন এবার কার্যকরী পদক্ষেপ নিল। একই নম্বরে একাধিক এপিক (ভোটার আইডি) কার্ড জারি হওয়ার সমস্যার সমাধানে দেশজুড়ে হাজার হাজার কার্ড বাতিল করা হয়েছে। পশ্চিমবঙ্গেও ৬০০টি এপিক কার্ড বাতিল করা হয়েছে, এবং আগামী দিনে আরও ১০ হাজার কার্ড ধাপে ধাপে বাতিল করা হবে বলে জানিয়েছে কমিশন।

সম্প্রতি দেখা যায়, একই এপিক নম্বর বিভিন্ন রাজ্যে বিদ্যমান। পশ্চিমবঙ্গের অনেক ভোটারের এপিক নম্বর সার্চ করে দেখা যায়, হরিয়ানা বা গুজরাতে একই নম্বরের কার্ড রয়েছে। এই ঘটনা সামনে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া প্রতিক্রিয়া দেন। তাঁর নির্দেশে তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীরা প্রতিবাদে পথে নামেন এবং কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানান।

কমিশনের তরফে স্বীকার করা হয়েছে যে, একই নম্বরে একাধিক এপিক থাকার অভিযোগ সত্য। তবে তারা ব্যাখ্যা দিয়েছে যে, প্রত্যেক ভোটারের বিধানসভা ও ভোটকেন্দ্র আলাদা। ফলে কেউ অন্যত্র গিয়ে ভোট দিতে পারবেন না। তবে এই সমস্যা দূর করতে প্রত্যেক ভোটারকে একটি নতুন ও স্বতন্ত্র এপিক নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্যে মঙ্গলবার ৬০০টি এপিক বাতিল করা হয়েছে।জেলা স্তরে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের (ERO) এপিক সংশোধনের দায়িত্ব দেওয়া হয়েছে।এখন থেকে যদি কোনও এপিক নম্বর ডুপ্লিকেট হয়, সংশ্লিষ্ট রাজ্যের ERO সেটি পরিবর্তন করতে পারবেন।যে রাজ্যে প্রথম ওই এপিক নম্বর জারি হয়েছে, সেটিই বৈধ ধরা হবে।ভোটারকে কিছু করতে হবে না, নতুন কার্ড স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে এবং পুরনো কার্ড বাতিল বলে গণ্য হবে।

কমিশনের এই উদ্যোগ ভোটার তালিকার সুস্পষ্টতা ও স্বচ্ছতা বাড়াবে বলে মনে করা হচ্ছে।