সব লড়াই শেষ…! প্রয়াত হলেন অভিনেতা ও মার্শাল আর্ট বিশেষজ্ঞ শিহান হুসেইনি, লিউকেমিয়ার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের অবসান

বিনোদন জগতে আবারও নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা ও মার্শাল আর্ট বিশেষজ্ঞ শিহান হুসেইনি। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ২৫ মার্চ চেন্নাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
অভিনেতার পরিবার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মাদুরাইতে তাঁর শেষকৃত্যের আগে বেসান্ত নগরে অবস্থিত তাঁর বাসভবনে ভক্ত ও শিক্ষার্থীদের শ্রদ্ধা জানানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। মার্শাল আর্ট এবং চলচ্চিত্র জগতে তাঁর অসামান্য অবদানের জন্য তিনি বরাবরই সম্মানিত হয়ে এসেছেন।
অভিনয় ও মার্শাল আর্টে দীর্ঘ যাত্রা
শিহান হুসেইনি ১৯৮৬ সালে কে. বালাচন্দ্রের পরিচালিত ‘পুন্নাগাই মান্নান’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। এরপর রজনীকান্তের ‘ভেলাইকরণ’ এবং বিজয়ের ‘বদ্রী’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন, যেখানে তাঁকে একজন ক্যারাটে কোচের ভূমিকায় দেখা গিয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে ‘কাঠুভাকুলা রেন্দু কাধল’ এবং ‘চেন্নাই সিটি গ্যাংস্টারস’ ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি, রিয়েলিটি শোতে বিচারক ও উপস্থাপক হিসেবেও জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
মার্শাল আর্ট ও তীরন্দাজিতে গুরুত্বপূর্ণ ভূমিকা
অভিনয়ের বাইরেও মার্শাল আর্ট এবং তীরন্দাজিতে তাঁর অবদান অনস্বীকার্য। তামিলনাড়ুতে আধুনিক তীরন্দাজির পথপ্রদর্শক হিসেবে তিনি ৪০০ জনেরও বেশি তীরন্দাজকে প্রশিক্ষণ দিয়েছিলেন। ১৯৭৯ সালে রিকার্ভ ধনু ও ১৯৮০ সালে যৌগিক ধনুকের প্রবর্তনের মাধ্যমে এই খেলায় নতুন মাত্রা যোগ করেছিলেন তিনি।
জীবনের শেষ অধ্যায় ও মানবসেবার বার্তা
ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের দিনগুলোতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন শিহান হুসেইনি। তাঁর চিকিৎসার জন্য তামিলনাড়ু সরকার ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করেছিল। মৃত্যুর আগে তিনি চিকিৎসা গবেষণার জন্য নিজের দেহ দান করার সিদ্ধান্ত নেন এবং তাঁর ছাত্রদের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে তাঁদের উদ্দেশে নিজের হৃদয় উৎসর্গ করার ইচ্ছা প্রকাশ করেন।
শিহান হুসেইনির অকাল প্রয়াণ বিনোদন এবং ক্রীড়া জগতে এক অপূরণীয় ক্ষতি। তবে তাঁর কর্ম ও অবদান চিরকাল অমলিন থেকে যাবে, পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।