রাস্তায় প্রকাশ্যে নারীকে বিবস্ত্র করে মারধর! অভিযোগ প্রেমিকসহ চার জনের বিরুদ্ধে

স্বামীর কাছে ফিরে যাওয়ায় এক নারীকে গ্রামের রাস্তায় বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে প্রেমিকসহ চার জনের বিরুদ্ধে।

বুধবার (১০ আগস্ট) মধ্যপ্রদেশ রাজ্যের ঝাবুয়া জেলার রূপারেল গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, মাস কয়কে আগে স্বামীর ঘর ছেড়ে তার প্রেমিকের সঙ্গে থাকছিলেন ওই নারী। বুধবার আবার স্বামীর ঘরে ফিরে যান তিনি। আর এ কারণে বেজায় চটে যান তার প্রেমিক মুকেশ। এর পর গ্রামের কয়েক জনকে সঙ্গে নিয়ে রূপারেল গ্রামে নারীর স্বামীর বাড়িতে যান।

অভিযোগ উঠেছে, প্রথমে ওই নারীর স্বামীকে ঘর থেকে টেনে বের করে মারধর করা হয়। তার পর নারীর ওপর চড়াও হন তারা। তাকেও টেনেহিঁচড়ে রাস্তায় নিয়ে আসা হয়। তার পর তাকে বিবস্ত্র করে মারধর করেন মুকেশ এবং তার সঙ্গীরা।

গ্রামবাসীদের কয়েক জন হামলাকীরাদের বাধা দেওয়া চেষ্টা করেন। কিন্তু তাতেও তেমন কাজ না হওয়ায় পুলিশে খবর দেন তারা। পুলিশ এসে নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তার অভিযোগের ভিত্তিতে মুকেশ এবং তার তিন সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশকে ওই নারী বলেছেন, মুকেশ প্রায় দিনই আমাকে মারধর করত। তাই তার ঘর ছেড়ে স্বামীর কাছে চলে গিয়েছিলাম। এখানে এসে আমাদের উপর হামলা চালায় মুকেশ ও তার তিন সঙ্গী।