সালমান রুশদির ওপর হামলা, ঘাড়ে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে

ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন একব্যক্তিকে আটক করা হয়েছে। ওই হামলাকারী মঞ্চে উঠে সালমান রুশদি ও তার সাক্ষাৎকার গ্রহণকারীর ওপর হামলা করেছেন বলে জানা গেছে।

এ ঘটনার প্রায় ঘণ্টাখানেক পর এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল জানিয়েছেন, সালমান রুশদি বেঁচে আছেন। তাকে হেলিকপ্টারে করে পেনসিলভানিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রুশদির ঘাড়ে একাধিকবার ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় আটক সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি মঞ্চে বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পরিচয় হওয়ার ছদ্মবেশে একজন ব্যক্তি চৌতাকুয়া ইনস্টিটিউশনের মঞ্চে ওঠে সালমান রুশদির ঘাড়ে একাধিকবার ছুরিকাঘাত করেন। এসময় ৭৫ বছর বয়সী রুশদিকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেন তিনি।

সালমান রুশদির উপন্যাস ‘স্যাটানিক ভার্সেস’, যাকে মুসলিম বিশ্বের অনেকেই ধর্মদ্রোহী বলে মনে করেন। এই উপন্যাস প্রকাশের পর বছরের পর বছর ধরে তিনি হত্যার হুমকি পেয়ে আসছেন।

অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ঘটনার পরপরই মঞ্চে ছুটে আসেন অনুষ্ঠানে উপস্থিত লোকজন।