খেলার মাঠে বজ্রাঘাতে প্রাণ হারাল উদীয়মান ক্রিকেটার, শোকের ছায়া এলাকায়

পুরুলিয়ার হুড়া থানার বিশপুরিয়া হাই স্কুল ময়দানে রবিবার সকালে মর্মান্তিক ঘটনা। ক্রিকেট খেলার সময় বজ্রাঘাতে মৃত্যু হল এক উদীয়মান ক্রিকেটারের।

জানা গেছে, বিশপুরিয়ার মাঠে বেশ কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। হঠাৎই আকাশ কালো করে বজ্রপাত শুরু হয়। সেই সময় মাঠেই লুটিয়ে পড়েন মিলন পতি (২৪)। তড়িঘড়ি তাঁকে প্রথমে হুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর অকাল প্রয়াণে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

চারদিনে জেলায় বজ্রাঘাতে মৃত্যু চারজনের
শুধুমাত্র গত চারদিনেই বজ্রাঘাতে প্রাণ হারালেন চারজন। শুক্রবারের ঝড়-বৃষ্টিতে বরাবাজার ও পাড়া এলাকায় দু’জনের মৃত্যু হয়। বরাবাজারের বাজরা গ্রামে নির্মীয়মান বাড়িতে কাজ করার সময় বাজ পড়ে, আহত হন চারজন। তাঁদের মধ্যে রাজমিস্ত্রি আনন্দ মাঝিকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত এক ব্যক্তিকে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিদ্যালয়ে বাজ পড়ে অল্পের জন্য রক্ষা পেল ছাত্রছাত্রীরা
শুক্রবার বজ্রাঘাতের আরেকটি ঘটনা ঘটে রঘুনাথপুরের গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের পাশে বাজ পড়ায় অল্পের জন্য রক্ষা পায় ছাত্রছাত্রীরা। তবে শিক্ষক শেখর মাজির ডান হাত বজ্রপাতের ঝলকানিতে পুড়ে যায়। তিনি জানান, দরজা বন্ধ করার সময় আচমকা বাজ পড়ে, তবে চিকিৎসার পর তিনি এখন সুস্থ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন দে জানান, যদিও তিনি ছুটিতে ছিলেন, তবে শিক্ষকদের কাছ থেকে পুরো ঘটনা শুনেছেন। তিনি বলেন, “সৌভাগ্যবশত ছাত্রছাত্রীদের কোনও ক্ষতি হয়নি। তবে বজ্রপাতের কারণে বিদ্যালয়ের বৈদ্যুতিক সংযোগ পুরোপুরি নষ্ট হয়ে গেছে।”

এই ধারাবাহিক বজ্রপাতের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জেলায়। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, ঝড়-বৃষ্টির সময় খোলা জায়গা বা মাঠে না থাকার জন্য এবং বজ্রপাতের সময় সুরক্ষিত স্থানে আশ্রয় নেওয়ার জন্য।