ধোনির ভবিষ্যৎ স্পষ্ট, যতদিন খুশি সিএসকে-র হয়ে খেলব

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রায় পাঁচ বছর পেরিয়ে গেছে মহেন্দ্র সিং ধোনির। এখন তিনি শুধু আইপিএল-এ (IPL 2025) চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে খেলছেন। বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, পাঁচ বছরেরও বেশি সময় আগে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলায় ধোনি এখন আনক্যাপড প্লেয়ার। এই নিয়মের সুবিধা পেয়েছে চেন্নাই সুপার কিংস। গত মরসুম পর্যন্ত ধোনির অবসর নিয়ে নানা আলোচনা হলেও এবার সেই আলোচনা প্রায় শোনাই যাচ্ছে না। কারণ, ক্রিকেট মহলের সঙ্গে যুক্ত সবাই বুঝে গিয়েছেন, ধোনি যতদিন চাইবেন, সিএসকে-র হয়ে খেলবেন। তিনি নিজে অবসর না নিলে ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট তাঁকে সরে যেতে বলবে না। ফলে নিজের মর্জিতেই চলছেন ধোনি।
ভবিষ্যৎ স্পষ্ট করে দিলেন ধোনি
রবিবার আইপিএল ২০২৫-এ অভিযান শুরু করছে চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচের আগে সিএসকে-তে নিজের ভবিষ্যৎ স্পষ্ট করে দিয়েছেন ধোনি। তিনি জানিয়েছেন, ‘আমি যতদিন চাইব, সিএসকে-র হয়ে খেলতে পারব। এটা আমার ফ্র্যাঞ্চাইজি। আমি যদি হুইলচেয়ারে থাকি, তাহলেও ওরা আমাকে টেনে নিয়ে যাবে।’ ধোনির এই মন্তব্যের পর তাঁর ভবিষ্যৎ নিয়ে আর কোনও সংশয় নেই। যতদিন ফিটনেস থাকবে এবং ক্রিকেট খেলা উপভোগ করবেন, ততদিন সিএসকে-র হয়ে খেলে যাবেন তিনি।
আইপিএল-এর সফলতম অধিনায়ক ধোনি
২০০৮ সালে প্রথম আইপিএল থেকে শুরু করে এখনও পর্যন্ত ধোনি সিএসকে-র হয়ে খেলছেন। সিএসকে যতদিন আইপিএল-এ খেলছে, প্রতিবারই দলে আছেন ধোনি। এবার আনক্যাপড প্লেয়ার হিসেবে চার কোটি টাকা পারিশ্রমিকে সিএসকে-র হয়ে খেলছেন তিনি। আইপিএল-এর গত মরসুমে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি ধোনি। তবে এবারের আইপিএল-এ তাঁর উপর ভরসা করছে সিএসকে ম্যানেজমেন্ট।
ধোনির ফিটনেসের প্রশংসায় স্টিফেন ফ্লেমিং
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে ধোনির ফিটনেসের প্রশংসা করে সিএসকে-র প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং বলেছেন, এই তারকা গত বছরের চেয়েও বেশি ফিট। দলের জন্য ম্যাচ জেতার আগ্রহ এবং ইচ্ছার কারণে তিনি সিএসকে-র একজন স্তম্ভ। ফ্লেমিংয়ের কথায়, ‘ক্রিকেটের বেঞ্জামিন বাটন! তিনি যেন দিন দিন আরও তরুণ হচ্ছেন। তিনি সবকিছু ভালোভাবে করেছেন। হাঁটুর অস্ত্রোপচার থেকে ফিরে আসার পর সম্ভবত তিনি গত বছরের চেয়েও বেশি ফিট। হ্যাঁ, তাঁর বয়স ৪৩ বছর, যা আমাদের সম্মান করতে হবে। তবে এমন কিছু উপায় আছে, যা ব্যবহার করে আমরা তাঁকে খেলাতে পারি এবং আমরা মনে করি যে এটি আমাদের ম্যাচ জেতার জন্য খুব উপকারী হবে। এতে কোনও সন্দেহ নেই যে তাঁর প্রতিভা এখনও আছে এবং তাঁর মধ্যে জেতার আগ্রহও রয়েছে, যা প্রধান দুটি বিষয়।’
সম্পর্কিত খবর
ঋষভ পন্থের বোনের বিয়ে, সস্ত্রীক দেরাদুনে পৌঁছে গেলেন ধোনি
চেন্নাই সুপার কিংসের প্রস্তুতি শুরু, ৭ বছর পর ফের এক দলে ধোনি-অশ্বিন
ধোনির এই আত্মবিশ্বাস এবং ফিটনেস দেখে সিএসকে সমর্থকরা এবারের আইপিএলে আরও একটি সফল মরসুমের আশা করছেন। ধোনি যতদিন মাঠে থাকবেন, ততদিন চেন্নাইয়ের আশা জাগানিয়া মুখ হয়ে থাকবেন তিনি।