‘মুড়ির টিনে করে টাকা পাঠাতেন অনুব্রত’, বিস্ফোরক শুভেন্দু অধিকারী

আজ, বৃহস্পতিবার গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। এবিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘অনুব্রত মন্ডল হল মাফিয়া। মমতার প্রশয়ে আশ্রয়ে রয়েছেন। মুদির দোকান থেকে মাগুর মাছ বিক্রি করতেন সে এখন এক হাজার কোটির মালিক।’

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘মমতা ব্যানার্জির সৃষ্টি এসব। অনুব্রত মন্ডল অত্যাচার করেছেন, ভোট পরবর্তী সময়ে অনেক খুনও হয়েছে তাঁর ইশারায়। মুড়ির টিনে যাঁদের যাঁদের টাকা পাঠিয়েছেন সেই নামগুলো বলবেন এটাই আশা রাখি।’

প্রসঙ্গত, রাজ্য রাজনীতিতে নকুল দানা চর্চার কেন্দ্র বিন্দু হয়ে উঠেছিল বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সুবাদে। আর এবার গরু পাচার কাণ্ডে গ্রেফতারির পর নকুল ডানায় হয়ে উঠেছে বিরোধীদের কাছে খোঁচা দেওয়ার বস্তূ।

বাঁকুড়া থেকে শুরু করে বেলদা ,রাজ্যের একাধিক জায়গায় পথচলতি মানুষদের হাতে নকুল দানা বিলি করলেন বিজেপি কর্মী ও সমর্থকরা। এমনকি সোশ্যাল মিডিয়াতেও নকুল দানা বিলির ছাড়পত্র দিয়ে অনুব্রতর গ্রেফতারি প্রসঙ্গে খোঁচা দিলেন বিজেপি সহ সভাপতি দিলীপ ঘোষ।