বৈষ্ণো দেবীর মন্দিরে বন্দুক হাতে প্রবেশ করলেন এক মহিলা, নিরাপত্তা ব্যবস্থা ঘিরে উঠছে প্রশ্ন

জম্মু-কাশ্মীরের কাটরায় অবস্থিত মাতা বৈষ্ণো দেবী মন্দিরে (Mata Vaishno Devi Shrine) নিরাপত্তা ভেঙে বন্দুক হাতে প্রবেশ করলেন এক মহিলা! শুক্রবার মধ্যরাতে ঘটে যাওয়া এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রিয়াসি পুলিশের (Reasi Police) তৎপরতায় দ্রুত গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
কী ঘটেছিল ঠিক?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জ্যোতি গুপ্ত নামে এক মহিলা লাইসেন্সবিহীন পিস্তল হাতে মন্দির প্রাঙ্গণে ঢুকে পড়েন। নিরাপত্তার চৌকিদারদের চোখ এড়িয়ে কীভাবে তিনি ভেতরে ঢুকলেন, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
পুলিশের তদন্তে নতুন মোড়
প্রাথমিকভাবে জানা গিয়েছিল, অভিযুক্ত মহিলা দিল্লি পুলিশের কর্মী। কিন্তু রিয়াসি পুলিশ পরে স্পষ্ট করেছে, তাঁর সঙ্গে দিল্লি পুলিশের কোনও যোগ নেই।
কী উদ্দেশ্যে বন্দুক নিয়ে মন্দিরে প্রবেশ?
এখনও পর্যন্ত স্পষ্ট নয়, কেন ওই মহিলা বন্দুক হাতে মন্দিরে প্রবেশ করেছিলেন? কোনো ষড়যন্ত্র, না কি নিছক ভুলবশত এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি, তা খতিয়ে দেখছে পুলিশ।
নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে
মাতা বৈষ্ণো দেবীর মন্দির দেশ-বিদেশের কোটি ভক্তের কাছে অত্যন্ত শ্রদ্ধার স্থান। এমন জায়গায় কীভাবে বন্দুকসহ কেউ ঢুকে পড়তে পারে, তা নিয়ে প্রশ্ন উঠছে সর্বস্তরে। মন্দির প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর গাফিলতির দিকেও আঙুল তুলেছেন অনেকে।
রিয়াসি পুলিশের তদন্তের পরই হয়তো জানা যাবে, জ্যোতি গুপ্তর আসল পরিচয় এবং তাঁর উদ্দেশ্য কী ছিল। তবে এই ঘটনায় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা যে নতুন করে পর্যালোচনার মুখে পড়ল, তা স্পষ্ট।