বিজেপিতে ফের কোন্দল কাঁটা? জেলা সভাপতির বিরুদ্ধে পড়ল পোস্টার, কি লেখা রয়েছে পোস্টারে?

বিজেপির অন্দরে ফের কোন্দলের আভাস! এবার দক্ষিণ কলকাতা জেলা বিজেপির সভাপতি অনুপম ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়ল দলেরই নির্বাচনী কার্যালয়ের সামনে।
কি লেখা রয়েছে পোস্টারে?
সোমবার সকালে ঢাকুরিয়ায় বিজেপির দক্ষিণ কলকাতা জেলা নির্বাচনী কার্যালয়ের সামনে দেখা যায় একাধিক পোস্টার। তাতে স্পষ্ট অভিযোগ, “টাকা, গাড়ি, মোবাইল দিন, দক্ষিণ কলকাতায় পদ নিন। যোগাযোগ করুন জেলার সভাপতি এবং জেলার সাধারণ সম্পাদকের সঙ্গে।” পোস্টারে দুই নেতার ছবিও রয়েছে।
বিজেপির অন্দরে পদ বিক্রির অভিযোগ?
পোস্টারে অভিযোগ, দক্ষিণ কলকাতা বিজেপিতে পদ পেতে হলে টাকা ও উৎকোচ লাগছে। জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক নাকি সরাসরি এই লেনদেনের সঙ্গে যুক্ত! বিষয়টি প্রকাশ্যে আসতেই দলের অন্দরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
বিজেপির প্রতিক্রিয়া
বিজেপির দক্ষিণ কলকাতা জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য বিষয়টিকে সম্পূর্ণ “তৃণমূলের চক্রান্ত” বলে উড়িয়ে দিয়েছেন। তবে, বিজেপির জেলা সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং-এর কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
তৃণমূল কি বলছে?
এই প্রসঙ্গে তৃণমূলের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, এটা কি সত্যিই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ, নাকি বিরোধীদের চাল?
রাজনৈতিক বিশ্লেষণ
সম্প্রতি বিজেপি রাজ্যের ২৫টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করেছে। ১৭টি জেলায় নতুন সভাপতি করা হলেও, অনুপম ভট্টাচার্য আগের পদেই বহাল আছেন। ফলে দলীয় অন্দরেই কি কেউ তাঁকে সরানোর জন্য এমন কৌশল নিয়েছে?
বিজেপির অন্দরকলহ না কি বিরোধীদের চাল – সত্যি কী, তা হয়তো তদন্তেই পরিষ্কার হবে। তবে এই ঘটনা বিজেপির অস্বস্তি যে আরও বাড়াবে, তা বলাই যায়!