“যিনি সাংবাদিক বৈঠকে ভয় পান, তিনি পডকাস্টারের সামনে স্বচ্ছন্দ”- মোদীকে কটাক্ষ কংগ্রেসের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে দেওয়া সাক্ষাৎকার ঘিরে তুমুল আলোচনা চলছে। কংগ্রেসের কটাক্ষ, প্রধানমন্ত্রী যখন দেশীয় সাংবাদিক বৈঠকে অংশ নিতে ভয় পান, তখন বিদেশি পডকাস্টারের সামনে তিনি বেশ স্বচ্ছন্দবোধ করেন।
লেক্স ফ্রিডম্যানের সঙ্গে প্রায় তিন ঘণ্টার সাক্ষাৎকারে মোদী বিভিন্ন বিষয়ে নিজের মতামত জানান। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, তাঁর শৈশবে স্বামী বিবেকানন্দ ও আরএসএস-এর প্রভাবের মতো নানা প্রসঙ্গ উঠে আসে। মোদী জানান, প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার সময় তিনি পাকিস্তানকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছিলেন, যাতে সম্পর্ক মেরামত করা যায়। তবে, শান্তির প্রত্যেকটি প্রচেষ্টার বদলে পাকিস্তানের দিক থেকে এসেছে বিরোধিতা ও বিশ্বাসঘাতকতা।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ মোদীর মন্তব্যকে কটাক্ষ করে বলেন, “যিনি সমালোচনা গণতন্ত্রের আত্মা বলে দাবি করেন, তিনিই প্রতিহিংসামূলক আচরণ করে সমস্ত সমালোচকদের মুখ বন্ধ করছেন। নরেন্দ্র মোদী সরকার সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছেন।”
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে মোদী পুতিন ও জেলেনস্কিকে বার্তা দিয়ে বলেন, “এখন সংঘাতের সময় নয়। যুদ্ধক্ষেত্রে কখনও কোনও স্থায়ী সমাধান সম্ভব নয়। আলোচনায় উভয় পক্ষকেই অন্তর্ভুক্ত করা উচিত।”
কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রী দেশীয় মিডিয়ার প্রশ্নের মুখোমুখি হতে ভয় পান, তাই তিনি বিদেশি প্ল্যাটফর্মে নিজের ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছেন। তবে মোদীর সমর্থকরা মনে করছেন, আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তি বাড়াতে এই সাক্ষাৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।