‘মেয়েকে এটা দেখেই বড় হতে হবে…’- নতুন করে কি করতে চাইছেন কাঞ্চন-শ্রীময়ী?

দুর্গাপুজোর মরসুমে মুক্তি পেতে চলেছে ‘রক্তবীজ টু’। এই ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে শ্রীময়ী চট্টরাজকে। আগের ছবিতে কাঞ্চন মল্লিকের অভিনয় নজর কাড়ে। এবার শ্রীময়ী একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন।
প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে শ্রীময়ী জানান, “কুম্ভমেলা থেকে ফেরার সময় হঠাৎই নন্দিতাদি (রায়), শিবুদা (শিবপ্রসাদ মুখোপাধ্যায়) এবং জিনিয়াদির (সেন) কাছ থেকে ফোন আসে। এই সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। বহুদিন ধরে ওঁদের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল, তবে কখনও সাহস করে বলতে পারিনি। এই চরিত্র পেয়ে আমি দারুণ খুশি। মিমিদির (চক্রবর্তী) সঙ্গে একটি দৃশ্য করতে পারাও আমার কাছে বড় পাওনা। কী চরিত্র, তা জানার আগেই রাজি হয়ে যাই।”
কাঞ্চন এবং শ্রীময়ী একসঙ্গে কাজ করেছেন ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকে। দীর্ঘ বিরতির পর এবার আবারও তাঁরা এক ফ্রেমে। যদিও এবার তাঁরা একে অপরের বিপরীতে অভিনয় করছেন না।
টলিপাড়ার আলোচিত জুটি কাঞ্চন-শ্রীময়ী ব্যক্তিগত জীবনেও বেশ সমৃদ্ধ। তাঁদের মেয়ে কৃষভীর জন্মের পর শ্রীময়ী ফের কাজের দুনিয়ায় ফিরছেন। এ বিষয়ে শ্রীময়ী বলেন, “কাজে ফেরার আগে কাঞ্চনের সঙ্গে আলোচনা করি। ও বলল, ‘মেয়েকে এটা দেখেই বড় হতে হবে যে, মা কাজ করে।’ কাঞ্চনের সমর্থন আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে। আমার মা মেয়েকে দেখভাল করছেন, তাই নিশ্চিন্তে শুটিং করতে পারছি।”
দর্শকরা এখন অপেক্ষায়, ধারাবাহিক কিংবা সিনেমায় শ্রীময়ীকে আরও বেশি করে দেখার।