নেশার জালে ফাঁসিয়ে সাধুকে বেহুঁশ করে শ্মশানের পাম্প মেশিন নিয়ে পালালো দুষ্কৃতীরা, বিক্ষোভ স্থানীয়দের

দক্ষিণ দিনাজপুরের তপন থানার অন্তর্গত রামপুর শ্মশান থেকে পাম্প মেশিন চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, শ্মশানের সাধুকে নেশার জালে ফাঁসিয়ে বেহুঁশ করে রেখে, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা পাম্প মেশিন চুরি করে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় এক বছর আগে শ্মশানে জল সরবরাহের জন্য এই পাম্প মেশিনটি বসানো হয়েছিল। এটি শুধুমাত্র শ্মশান যাত্রীদের সুবিধার জন্য ব্যবহৃত হত না, শবদাহের পর শ্মশান পরিষ্কার করার জন্যও এই পাম্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

ঘটনার দিন, রবিবার রাতে কয়েকজন দুষ্কৃতী শ্মশানে উপস্থিত হয়ে সাধুর কাছে আসে। তারা জানায়, তাদের এক আত্মীয়ের শবদেহ দাহ করতে এসেছে। এরপর, তারা সাধুর সঙ্গে ভাব জমিয়ে তাকে নেশার সামগ্রী খাইয়ে বেহুঁশ করে ফেলে। সুযোগ বুঝে, তারা পাম্প মেশিনটি চুরি করে পালায়।

ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা শ্মশানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে চুরি যাওয়া পাম্প মেশিন উদ্ধার এবং দোষীদের গ্রেফতারের দাবিতে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন।

প্রায় এক ঘণ্টা ধরে চলে অবরোধ, যার ফলে যান চলাচল ব্যাহত হয়। পরে, রামপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তাঁরা। পুলিশ ইতিমধ্যে দুষ্কৃতীদের সন্ধানে তদন্ত শুরু করেছে।

Saheli Saha
  • Saheli Saha