সাবধান! মিথ্যা বলে ভারতে থাকার দিন শেষ, হতে পারে জেল সেই সঙ্গে লাখ লাখ টাকা জরিমানা

অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের দেশ থেকে তাড়াতে কঠোর পদক্ষেপ নিতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি একাধিক অনুপ্রবেশের ঘটনার পর ভারতের নাগরিকরাও চাইছেন, অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিক সরকার। জনগণের এই দাবির পরিপ্রেক্ষিতে শীঘ্রই ভারতের কেন্দ্রীয় সরকার অভিবাসন বা ইমিগ্রেশন নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে, এমনটাই সূত্রের খবর।

চলতি বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে লোকসভায় ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল ২০২৫ পেশ করেছে সরকার। ওই বিলে ভারতে অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের জন্য কঠোর শাস্তির প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত বিলে বলা হয়েছে, বিদেশি নাগরিক যদি অবৈধভাবে ভারতে বসবাস করতে ধরা পড়ে, তবে তাকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

এছাড়াও, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও কোনো বিদেশি নাগরিক ভারতে রয়েছেন কিনা, তা জানার জন্য নজরদারি বৃদ্ধি করার নির্দেশ দেওয়া হয়েছে। হোটেল, বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে এই তথ্য বাধ্যতামূলকভাবে সরকারের কাছে জানাতে হবে।

বর্তমানে বিদেশি নাগরিক ও অভিবাসন সংক্রান্ত চারটি আলাদা আইন রয়েছে—পাসপোর্ট আইন (১৯২০), বিদেশি নাগরিক নিবন্ধন আইন (১৯৩৯), বিদেশি নাগরিক আইন (১৯৪৬) এবং অভিবাসন আইন (২০০০)। তবে, কেন্দ্র এবার এই সব আইনের পরিবর্তে একটিই আইনের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইছে। নতুন বিলে এসব আইনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, এবং নতুন ধারাও যোগ করা হয়েছে।