“সেখানে সবকিছু খোলামেলা”-সিনেমায় যৌনতা ও শয্যাদৃশ্য নিয়ে যা বললেন করিনা

সিনে দুনিয়ার দুই জনপ্রিয় মুখ, বলিউডের কারিনা কাপুর খান এবং ‘সেক্স এডুকেশন’ খ্যাত অভিনেত্রী জিলিয়ান অ্যান্ডারসন সম্প্রতি ‘দ্য ডার্টি ম্যাগাজিন’-এর আয়োজিত একটি শোয়ে মুখোমুখি হয়েছেন। এই শোয়ে দুই তারকা তাঁদের ক্যারিয়ার, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ এবং পর্দায় সাহসী দৃশ্য নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

জিলিয়ানের প্রশ্ন, কারিনার জবাব
জিলিয়ান অ্যান্ডারসন পর্দায় সাহসী অভিনয়ের জন্য পরিচিত। অন্যদিকে, কারিনার দীর্ঘ ক্যারিয়ারে এমন চরিত্রে তাঁকে দেখা যায়নি। এই প্রসঙ্গে জিলিয়ান কারিনাকে প্রশ্ন করেন, “আমি জানি, আপনি আগেও বলেছেন যে ঘনিষ্ট দৃশ্যে অভিনয়ে আপনি আগ্রহী নন। আমার ক্ষেত্রে অনেক কিছু আছে যা করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না, কিন্তু চরিত্রের জন্য অনেক সময় এমন কিছু করতে হয় যা আমরা পছন্দ করি না। আপনি এ ব্যাপারে কতদূর সীমা বেঁধে রেখেছেন?”

এর জবাবে কারিনা বলেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি, যৌনতা গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ নয়। এটা গল্পে আমূল পরিবর্তন আনে না বা দেখানোটা খুব প্রয়োজনীয় বলে মনে হয় না। আমি পর্দায় এটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি কখনও এটা করিনি। আমরা যৌনতাকে একটা মানবিক অভিজ্ঞতা হিসেবে দেখি না।”

সমাজের প্রভাব তুলে ধরলেন কারিনা
কারিনা এ সময় সমাজের একটি দিক তুলে ধরে বলেন, “পশ্চিমা সমাজে এসব বিষয়কে যতটা সহজে গ্রহণ করা হয়, আমাদের এখানে তা হয় না। আপনারা এই বিষয়টাকে মুক্ত মনে খোলামেলাভাবে গ্রহণ করতে পারেন, আমরা পারি না। আমরা এখনও ওভাবে গল্প বলতে পারি না। আপনাদের সেখানে সবকিছু খোলামেলা, তাই একটা মেয়ের আকাঙ্ক্ষাকে খোলাখুলি দেখানো সহজ।”

এই আলোচনার মধ্যে কারিনার ‘চামেলি’ (২০০৩) ছবির প্রসঙ্গও উঠে আসে, যেখানে তিনি একটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছিলেন। তবে শোতে কেবল এই বিষয় নয়, দুই অভিনেত্রীর কাজ ও জীবনের নানা দিক নিয়েও কথা হয়।

কারিনা ও জিলিয়ানের আগামী প্রজেক্ট
কাজের ক্ষেত্রে কারিনাকে সর্বশেষ দেখা গেছে ‘সিংহাম এগেইন’ (২০২৪) ছবিতে। এরপর তিনি ইঙ্গিত দিয়েছেন, পরবর্তীতে তাঁকে মেঘনা গুলজারের একটি ছবিতে দেখা যাবে। অন্যদিকে, জিলিয়ান অ্যান্ডারসন আমেরিকান ওয়েস্টার্ন অ্যাকশন ড্রামা সিরিজ ‘দ্য অ্যাব্যান্ডনস’-এ অভিনয় করতে চলেছেন। ১৮৫০-এর দশকের ওল্ড ওয়েস্টের অস্থির পটভূমিতে নির্মিত এই সিরিজের জন্য বর্তমানে প্রস্তুতি নিচ্ছেন তিনি।

দুই তারকার দৃষ্টিভঙ্গি
কারিনা ও জিলিয়ানের এই আলোচনা তাঁদের পেশাগত দৃষ্টিভঙ্গি এবং সাংস্কৃতিক পার্থক্যের একটি চিত্র তুলে ধরেছে। যেখানে জিলিয়ান চরিত্রের চাহিদা অনুযায়ী সীমা অতিক্রম করতে প্রস্তুত, সেখানে কারিনা তাঁর স্বাচ্ছন্দ্য ও সমাজের প্রেক্ষাপটের ওপর জোর দিয়েছেন। এই শো দর্শকদের কাছে দুই ভিন্ন সিনে জগতের দুই তারকার চিন্তাধারার মিলনস্থল হিসেবে উপস্থাপিত হয়েছে।