“রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে প্রস্তুত”- যুদ্ধ নিয়ে নয়া প্রস্তাব দিলো ইউক্রেন

ইউক্রেন রাশিয়ার সঙ্গে তাৎক্ষণিক ৩০ দিনের যুদ্ধবিরতি চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিতে প্রস্তুত বলে জানিয়েছে। সৌদি আরবের জেদ্দায় মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই ঘোষণা এসেছে। বিবিসির খবরে বলা হয়েছে, এই আলোচনা ছিল গত ফেব্রুয়ারিতে ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বাগবিতণ্ডার পর দুই দেশের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জেদ্দায় এক সংবাদ সম্মেলনে বলেন, “আজ আমরা একটি প্রস্তাব দিয়েছি যা ইউক্রেনীয়রা গ্রহণ করেছে। এটি হলো যুদ্ধবিরতিতে প্রবেশ করা এবং তাৎক্ষণিক আলোচনা শুরু করা। আমরা এখন এই প্রস্তাবটি রাশিয়ার কাছে নিয়ে যাব। বল এখন তাদের কোর্টে।” তিনি আশা প্রকাশ করেন যে, রাশিয়াও এই ‘ইতিবাচক’ প্রস্তাবে সম্মত হবে। “ইউক্রেন গোলাগুলি বন্ধ করে আলোচনা শুরু করতে প্রস্তুত। রাশিয়া যদি এটি প্রত্যাখ্যান করে, তাহলে আমরা বুঝতে পারব শান্তির পথে বাধা কী,” যোগ করেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “এই প্রস্তাবে রাশিয়াকে রাজি করানোর দায়িত্ব এখন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে। আমরা শান্তি চাই। রাশিয়া যদি সম্মত হয়, তাহলে যুদ্ধবিরতি তাৎক্ষণিক কার্যকর হবে।” তিনি আরও জানান, এটি একটি ইতিবাচক পদক্ষেপ যা শান্তি প্রক্রিয়ার দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ও পটভূমি
যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের অন্তর্বর্তী যুদ্ধবিরতি মেনে নিতে প্রস্তুত, যা পারস্পরিক সম্মতিতে আরও বাড়ানো যেতে পারে। তবে এটি রাশিয়ার সম্মতি এবং একযোগে বাস্তবায়নের ওপর নির্ভর করছে। বিবৃতিতে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্র অবিলম্বে ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং নিরাপত্তা সহায়তা পুনরায় চালু করবে। সম্প্রতি ট্রাম্প প্রশাসন ইউক্রেনের জন্য সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য সরবরাহ স্থগিত করেছিল, যা দুই দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করেছিল।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, উভয় দেশ তাদের আলোচক দলের নাম ঘোষণা করবে এবং ইউক্রেনের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী শান্তির লক্ষ্যে অবিলম্বে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। এছাড়া, ইউক্রেনের অর্থনীতি সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদী সমৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ উন্নয়ন চুক্তি দ্রুত সম্পন্ন করার বিষয়েও সম্মতি হয়েছে।
আংশিক থেকে পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব
এর আগে ইউক্রেন নৌ ও আকাশপথে আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তবে মঙ্গলবারের আলোচনায় যুক্তরাষ্ট্র সম্পূর্ণ ফ্রন্টলাইন জুড়ে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, যা কিয়েভ গ্রহণ করেছে। রুবিও জানান, “আলোচনার আগে গোলাগুলি বন্ধ করতে হবে। এটিই প্রেসিডেন্ট ট্রাম্প চেয়েছিলেন, এবং আজ আমরা ইউক্রেনের পক্ষ থেকে সেই প্রতিশ্রুতি পেয়েছি।”
রাশিয়ার প্রতিক্রিয়া এখনো অজানা
রাশিয়া এই প্রস্তাবে সম্মত হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে রাশিয়া যদি এটি গ্রহণ করে, তিন বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এটি হবে একটি বড় কূটনৈতিক অগ্রগতি। বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেনের এই পদক্ষেপ তার শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের একটি কৌশলও হতে পারে।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি প্রক্রিয়া কোন পথে এগোবে, তা এখন রাশিয়ার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সৌদি আরবে এই আলোচনাকে অনেকে শান্তির দিকে একটি সম্ভাবনাময় পদক্ষেপ হিসেবে দেখছেন।